Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

রোনালদোর জোড়া গোলেই বিশ্বকাপে নতুন রেকর্ড, পর্তুগালের দাপুটে জয়

বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি

আপডেট : ২৪ জুন ২০২৬, ০১:৩৩ এএম

ক্রিস্টিয়ানো রোনালদোর ঐতিহাসিক জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে পর্তুগাল। এই জয়ে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে গেল পর্তুগিজরা।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ইতিহাস গড়েন রোনালদো। জোয়াও কানসেলোর ক্রস থেকে গোল করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি।

১৭ মিনিটে নুনো মেন্দেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। এরপর ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বিশ্বকাপে এটি ছিল তার ১০ম গোল, যার মাধ্যমে তিনি কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান।

প্রথমার্ধেই হ্যাটট্রিকের একাধিক সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে উজবেকিস্তানের ডিফেন্ডার ও গোলরক্ষকের দৃঢ়তায় সেই স্বপ্ন পূরণ হয়নি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে পর্তুগাল। ৬০ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান ৪-০ হয়। এরপর ম্যাচের ৮৭ মিনিটে রাফায়েল লেয়াও গোল করে পর্তুগালের বড় জয় নিশ্চিত করেন।

উজবেকিস্তান কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও পর্তুগালের রক্ষণভাগ ও গোলরক্ষক ডিওগো কোস্তাকে ভেদ করতে পারেনি। একবার জালও কাঁপিয়েছিল তারা, তবে ভিএআর পর্যালোচনায় গোলটি বাতিল হয়।

রোনালদো হ্যাটট্রিক না পেলেও জোড়া গোলের রাতে ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে লিখলেন। তার অনবদ্য পারফরম্যান্সে ভর করে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের নকআউটের খুব কাছাকাছি পৌঁছে গেছে পর্তুগাল।

   

About

Popular Links

x