Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার আর্জেন্টিনার ঘাটতি নিয়ে খোলাখুলি কথা বললেন মেসি

শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে নবাগত কেপ ভার্দের বিপক্ষে ঘামঝরানো জয় পেয়েছে আর্জেন্টিনা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৩:১১ পিএম

বিশ্বকাপের শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে নবাগত কেপ ভার্দের বিপক্ষে ঘামঝরানো জয় পেয়েছে আর্জেন্টিনা। মায়ামি স্টেডিয়ামের মাঠে অতিরিক্ত সময়ের নাট্যমঞ্চ পেরিয়ে ৩–২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। তবে ম্যাচ জিতলেও প্রতিপক্ষের কঠিন প্রতিরোধ আর নিজেদের খেলার ঘাটতি নিয়ে ম্যাচ শেষে খোলামেলা কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে স্বস্তির নিশ্বাস ফেললেও প্রতিপক্ষের প্রশংসার পাশাপাশি নিজেদের ভুলগুলো দ্রুত শুধরে নেওয়ার তাগিদ দিয়েছেন এই কিংবদন্তি।

নির্ধারিত সময়ের ১–১ সমতা ভাঙার পর অতিরিক্ত সময়ে দুই দল মিলিয়ে আরও ৩টি গোল দেখে ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত একটি আত্মঘাতী গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয় আর্জেন্টিনার। কেপ ভার্দের লড়াকু ফুটবল প্রসঙ্গে মেসি জানান যে, তারা জানতেন ম্যাচটা খুব কঠিন হবে। স্পেন ও উরুগুয়ের বিপক্ষে এই দলটা তো আর এমনি এমনি অপরাজিত থাকেনি। তারা সবচেয়ে কঠিন কাজটা করেছিলেন, যেটা ছিল প্রথম গোলটি করা।

প্রথম গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করে অধিনায়ক বলেন, ভেবেছিলেন প্রথম গোলের পর নিজেদের চেনা ছন্দে ফিরবেন এবং চাপমুক্ত হয়ে খেলবেন। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। তারা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, রক্ষণাত্মক হয়ে পড়েন এবং প্রতিপক্ষের ওপর ঠিকঠাক চাপ সৃষ্টি করতে পারেননি। কেপ ভার্দে নিজেদের শক্তির জায়গায় খেলে গোল শোধ করে দেয়। চলতি বিশ্বকাপের প্রতিযোগিতা যে কতটা তীব্র, তা মনে করিয়ে দিয়ে মেসি বলেন, এখানে দলগুলোর মধ্যে ব্যবধান খুবই কম, সবকিছু অনেক জটিল এবং প্রতিটি ম্যাচই কঠিন হতে যাচ্ছে।

কোয়ার্টার ফাইনালে উঠলেও আর্জেন্টিনা দলের কৌশলগত কিছু ভুলের দিকে সরাসরি আঙুল তুলেছেন মেসি। মাঠে ভালো কিছু করার পাশাপাশি নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, আর্জেন্টিনার পরের পর্বে ওঠা ছাড়াও কিছু ইতিবাচক দিক ছিল, কারণ তারা মাঠে ভালো কিছু কাজ করেছেন। এর পাশাপাশি তাদের ঘাটতি বা ভুলগুলোও শুধরে নিতে হবে, যা এই ম্যাচে অনেক ছিল।

ম্যাচের ভুলগুলোর ব্যাখ্যা দিয়ে মেসি আরও জানান, তারা প্রতিপক্ষের ওপর ঠিকঠাক চাপ সৃষ্টি করতে পারেননি এবং রক্ষণের সঙ্গে মাঝমাঠের দূরত্ব কিছুটা বেশি ছিল। কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়ে পেরে না ওঠায় সব সময় ওদের একজন বাড়তি খেলোয়াড় ফাঁকায় থেকেছে। এ কারণেই তারা বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আর্জেন্টিনাকে খাটিয়েছে, কারণ আর্জেন্টিনার প্রেসিংটা ঠিকঠাক ছিল না।

ম্যাচে আর্জেন্টিনার জয়ের দিনে ব্যক্তিগত অর্জনের এক নতুন শিখরে পৌঁছেছেন লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে দারুণ এক গোল করার মাধ্যমে চলমান বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭-এ, যা এখন পর্যন্ত টুনামেন্টের সর্বোচ্চ।

এই গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসে বেশ কিছু অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে ন্যূনতম ৭টি করে গোল করার কীর্তি গড়লেন। সেই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ২০টি গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি বিশ্বকাপের সব কটি রাউন্ডেই গোল করার অনন্য রেকর্ড নিজের করে নিলেন। দলীয় পারফরম্যান্স নিয়ে চিন্তা থাকলেও মহাতারকা মেসির এমন ফর্মই এখন কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় স্বস্তি।

 

   

About

Popular Links

x