Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া নিয়ে যা বললো স্কালোনি

ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন মিসরের কোচ ও ফুটবলাররা

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে নাটকীয় জয়ের পর রেফারিং নিয়ে ওঠা বিতর্ককে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার ভাষ্য, আধুনিক প্রযুক্তির যুগে কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়া সম্ভব নয়।

মিসরের বিপক্ষে ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মিসরের কোচ ও ফুটবলাররা। এ ঘটনায় ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল ফেডারেশন।

কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া বা কোনো ষড়যন্ত্রের অভিযোগের বাস্তব ভিত্তি নেই।

তিনি বলেন, ‘‘এসব আলোচনা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি দেখা যাচ্ছে। বর্তমান সময়ে ছোট কোনো বিষয়ও খুব দ্রুত ভাইরাল হয়ে বড় আকার ধারণ করে। কিন্তু ২০২৬ সালে এসে, আধুনিক প্রযুক্তির এই যুগে কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়া সম্ভব নয়।’’

স্কালোনি আরও বলেন, ‘‘ফুটবলে এখন প্রযুক্তির ব্যবহার এতটাই উন্নত যে ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি, বলের ভেতরের কানেক্টেড চিপ এবং উচ্চক্ষমতাসম্পন্ন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থার কারণে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ হয়েছে।’’

মিসর ম্যাচের রেফারিং নিয়েও তিনি একই অবস্থান তুলে ধরে বলেন, ‘‘ম্যাচ শেষে কোনো সিদ্ধান্ত নিয়ে আপত্তি বা ভিন্নমত থাকতেই পারে। তবে নিয়ম সবার জন্যই সমান এবং সেগুলো বিশ্বকাপ শুরুর আগেই সব দলকে জানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয়, মাঠের বাস্তবতার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবই এ বিতর্ককে বেশি উসকে দিচ্ছে।’’

   

About

Popular Links

x