Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু

ব্যাখ্যা উপস্থাপনের জন্য একটি সময় নির্ধারণ করবে ফিফা

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঘটনার জেরে এএফএকে শাস্তির মুখে পড়তে হতে পারে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, তদন্ত শুরুর সিদ্ধান্ত শিগগিরই আনুষ্ঠানিকভাবে এএফএকে জানানো হবে। এরপর সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও ব্যাখ্যা উপস্থাপনের জন্য একটি সময় নির্ধারণ করবে ফিফা।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় খেলোয়াড়দের ম্যাচ নিষেধাজ্ঞার সম্ভাবনা কম। তবে এএফএকে আর্থিক জরিমানা করা হতে পারে।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে উদযাপনের সময় খেলোয়াড়রা ‘Las Malvinas Son Argentinas’ (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জটি ব্রিটেনে ‘ফকল্যান্ডস’ এবং আর্জেন্টিনায় ‘মালভিনাস’ নামে পরিচিত। দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।

১৯৮২ সালে এ দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। ওই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। শেষ পর্যন্ত ব্রিটেন দ্বীপগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখে।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, মাঠ বা স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, বৈষম্যমূলক বা আপত্তিকর বার্তাসংবলিত ব্যানার, পতাকা কিংবা অন্য কোনো উপকরণ প্রদর্শন নিষিদ্ধ।

এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ‘মালভিনাস’ বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। এবারও একই ধরনের শাস্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

   

About

Popular Links

x