Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ড্রেনে নেমে নিখোঁজ, ২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির মরদেহ

রাস্তার বিভিন্ন অংশ কেটে ড্রেনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর রাজধানীর পুরান ঢাকার নলগোলা এলাকা থেকে মিলন নামে এক ডুবুরির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে দীর্ঘ উদ্ধার অভিযানের পর রাস্তার বিভিন্ন অংশ কেটে ড্রেনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে নিখোঁজ ডুবুরি মিলনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কারের কাজ চলছিল। এ সময় মিলন একটি ম্যানহোলে নেমে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর তার সঙ্গে সংযুক্ত নিরাপত্তা রশি ছিঁড়ে গেলে সহকর্মীরা তাকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ সময়েও কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে উদ্ধারকারী দল অভিযান শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, ড্রেনের ভেতরের বিষাক্ত গ্যাস ও প্রতিকূল পরিবেশের কারণে মিলন দুর্ঘটনার শিকার হন। পরে নলগোলা এলাকা থেকে প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় তার মরদেহ শনাক্ত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক রাশেদুর রহমান রাসেল জানান, বৃহস্পতিবার দুপুরের পর নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ সরকারি ও বেসরকারি কয়েকটি সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার নলগোলা থেকে বেড়িবাঁধমুখী অংশে রাস্তা কেটে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

সিটি করপোরেশনের কর্মীদের তথ্য অনুযায়ী, ড্রেন পরিষ্কারের কাজটির ঠিকাদার ছিলেন বাবু নামে একজন ব্যক্তি এবং মাঠপর্যায়ে কাজ তদারকি করছিলেন মোনা। স্থানীয়দের কাছে নিহত মিলন “ডুবুরি মিলন” নামেই পরিচিত ছিলেন।

   

About

Popular Links

x