Saturday, July 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক ম্যাচ দূরে আর্জেন্টিনা, ভেঙে যেতে পারে ৬৪ বছরের অক্ষত রেকর্ড

ম্যাচটি জিতলে স্কালোনির শিষ্যরা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম

রবিবারের বিশ্বকাপ ফাইনালটি আর্জেন্টিনার জন্য শুধুই শিরোপা জয়ের লড়াই নয়, বরং ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগও। ম্যাচটি জিততে পারলে লিওনেল স্কালোনির শিষ্যরা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। সেই সঙ্গে ভেঙে যাবে দীর্ঘ ৬৪ বছর ধরে অক্ষত থাকা একটি ঐতিহাসিক রেকর্ড।

সেমিফাইনালে ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করার পর থেকেই আর্জেন্টিনার সামনে থাকা সম্ভাব্য এই রেকর্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল টানা দুটি আসরের শিরোপা জিততে পেরেছে। ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে প্রথম এই কীর্তি গড়ে। এরপর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সেই তালিকায় নাম লেখায়। এরপর গত ৬৪ বছরে আর কোনো দল এই সাফল্য অর্জন করতে পারেনি।

অবশ্য অনেক দলই এই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছেছিল। ১৯৮৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯৯০ সালেও ফাইনালে উঠেছিল, কিন্তু পশ্চিম জার্মানির কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি। ১৯৯৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও ১৯৯৮ সালের ফাইনালে উঠে স্বাগতিক ফ্রান্সের কাছে পরাজিত হয়। সর্বশেষ ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ২০২২ সালের ফাইনালে পৌঁছেও আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভেঙে যায়।

বিশ্বকাপে শিরোপা ধরে রাখা যে কতটা কঠিন, তার প্রমাণ মিলেছে একাধিকবার। ১৯৩৮ সালের চ্যাম্পিয়ন ইতালি ১৯৫০ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। একইভাবে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোতে পারেনি।

এবার সেই কঠিন ইতিহাস বদলে দেওয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। রবিবারের ফাইনালে জয় পেলে তারা শুধু বিশ্বকাপ শিরোপাই ধরে রাখবে না, বরং ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়ে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটাবে।

   

About

Popular Links

x