বিশ্বকাপ ফাইনালের আগে রেফারির ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি বলেছেন, দায়িত্বপ্রাপ্ত রেফারি স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচকে খেলার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং কোনো ধরনের শিথিলতা দেখানো উচিত হবে না।
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।
স্প্যানিশ দৈনিক স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, “রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।”
তবে একই সঙ্গে ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন স্পেন কোচ। তিনি বলেন, “রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন ম্যাচে কীভাবে খেলতে হয়।”
ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে মন্তব্য করলেও নিজের দলকে পরিকল্পনা থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়েছেন দে লা ফুয়েন্তে।
তিনি বলেন, “আর্জেন্টিনা তাদের মতো করেই খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়। নিজেদের ফুটবল আরও শক্তিশালী করা এবং সেটিকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।”
স্পেন কোচ আরও বলেন, “আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তাহলে ভুগতে হবে। আমরা আমাদের নিজস্ব ফুটবল খেলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি এবং সেই দর্শনেই অটল থাকতে চাই। কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।”
এর আগে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারের পর মিসরের কোচ হোসাম হাসান ও খেলোয়াড় মোস্তাফা জিকো ম্যাচের রেফারিং নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন। পরে মিসর ফুটবল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জানায়।



