Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অবশেষে ফিরলেন নেইমার, শুরু করলেন অনুশীলন

ল্যাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করেন তিনি

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

বিশ্বকাপের অধ্যায় শেষ করে আবারও ক্লাব ফুটবলে মনোযোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। দীর্ঘ বিরতির পর নিজ ক্লাব সান্তোসের অনুশীলনে ফিরেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন এই ফরোয়ার্ড।

সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরলেও প্রথম দিন মাঠে অনুশীলন করেননি নেইমার। জিমে ফিটনেস ট্রেনিং এবং ফিজিওলজিক্যাল ল্যাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করেন তিনি।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে কঠিন সময় পার করছে সান্তোস। সর্বশেষ বোটাফোগোর কাছে ২-১ গোলে হেরে অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে দলটি। এমন পরিস্থিতিতে নেইমারের প্রত্যাবর্তন ক্লাবের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ক্লাব সূত্রে জানা গেছে, মাঠে অনুশীলনে অংশ না নিলেও ইনডোর ওয়ার্কআউট ও ফিটনেস মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পন্ন করেছেন ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার।

সান্তোসের হয়ে সর্বশেষ গত ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল তার দল। এরপরই তিনি ব্রাজিল জাতীয় দলে যোগ দেন এবং ২০২৬ বিশ্বকাপে অংশ নেন।

চলতি মৌসুমের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ নেইমার প্রায় দুই মাস ক্লাবের হয়ে মাঠের বাইরে ছিলেন। এ সময়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেন এবং পেনাল্টি থেকে একটি গোল করেন।

জাতীয় দলের হয়ে ৮০ গোল করা নেইমার এখনো ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে তার ফেরার সম্ভাব্য ম্যাচ আগামী ২৫ জুলাই, যখন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ২০তম রাউন্ডে ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েনসের মুখোমুখি হবে সান্তোস।

   

About

Popular Links

x