ফুটবল মাঠে অগণিত রেকর্ড ও সাফল্যের পর এবার রূপালী পর্দায় পা রাখতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবারের মতো একটি টিভি সিরিজে অভিনয়ের পাশাপাশি এর নির্বাহী প্রযোজকের দায়িত্ব সামলাবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই সুপারস্টার।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, কাল্পনিক গল্পে তৈরি হতে যাওয়া এই টিভি সিরিজের নাম রাখা হয়েছে ‘Day 1s’। যুক্তরাজ্যের ফুটবল জগতকে উপজীব্য করে নির্মিত এই সিরিজে একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের পেশাগত জীবন, নানান চ্যালেঞ্জ এবং পর্দার আড়ালে থাকা নাটকীয় ঘটনাপ্রবাহ তুলে ধরা হবে।
ধারাবাহিকটিতে মুখ্য চরিত্র অর্থাৎ ফুটবল এজেন্টের ভূমিকা দেখা যাবে জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইসকে, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ন্স’ ড্রামা সিরিজে দারুণ অভিনয়ের জন্য সুপরিচিত।
ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মূল ভাবনায় সিরিজটি পরিচালনা করছেন ‘কিংসম্যান’ খ্যাত বিখ্যাত নির্মাতা ম্যাথিউ ভন। সিরিজটি রোনালদো এবং ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউআর-মার্ভ স্টুডিওস’-এর প্রথম টিভি প্রজেক্ট।
বিগ বাজেটের এই সিরিজে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি। অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ র্যাপার ডেভ এবং উদীয়মান অভিনেত্রী কার্লোটা বানাট। ইতিমধ্যেই লন্ডনে বহুল আলোচিত এই সিরিজের শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে।
এখনো পর্যন্ত কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম সিরিজটির সম্প্রচার স্বত্ব না কিনলেও, ক্রীড়া ও বিনোদন জগতের মহাতারকাদের একই ফ্রেমে উপস্থিতি নিশ্চিত করায় স্বত্ব ক্রয়ে বড় স্ট্রিমিং জায়ান্টগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ২০২৬ বিশ্বকাপেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার কথা জানিয়ে দেওয়া রোনালদো আগামী ২৪ সেপ্টেম্বর লিসবনে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। তবে জাতীয় দলকে বিদায় জানালেও সৌদির ক্লাব আল নাসরের হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন ৪১ বছর বয়সী এই উইঙ্গার।



