ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের অংশীদারিত্ব বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কলডেরো।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ও অন্যান্য ফিফা প্রতিযোগিতার অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা গত মঙ্গলবার প্রকাশ করে ফিফা। এরপর থেকেই ফুটবল অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এর মধ্যেই শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন কলডেরো। তিনি ইনফান্তিনোর এই পরিকল্পনার সঙ্গে একমত নন বলেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব নিয়ে চলমান সমালোচনার মধ্যে কলডেরোর পদত্যাগ ফিফা সভাপতি ইনফান্তিনোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসরের বাণিজ্যিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের এই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।



