Monday, August 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্মিথ-লিটনের বাগ্‌যুদ্ধ, কী বলেছিলেন লিটন?

এই বাগ্‌যুদ্ধ এখন নেটদুনিয়ায় ও মিডিয়ায় আলোচনার কেন্দ্র

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়া ম্যাচে শুধু ব্যাট-বলেই নয়, মাইন্ড গেমেও অজিদের একচুল ছাড় দেয়নি বাংলাদেশ। টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ এবং বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের মধ্যে ঘটে যাওয়া ছোট্ট এক বাগ্‌যুদ্ধ এখন নেটদুনিয়ায় ও বিশ্ব মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। এই ঘটনাকে বাংলাদেশ দলের নির্ভীক ও আত্মবিশ্বাসী মানসিকতার বড় প্রতীক বলে অভিহিত করেছে অজি প্রচারমাধ্যম ‘ফক্স ক্রিকেট’।

ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে, যখন দলকে বিপদের হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন স্মিথ। তাইজুল ইসলামের একটি বল স্মিথের লেগ সাইড দিয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ক্যাচের জোরালো আবেদন জানালেও আম্পায়ার সাড়া না দেওয়ায় বাংলাদেশ রিভিউ নেওয়া নিয়ে যখন দোটানায় পড়ে, তখন উসকানিমূলক ভঙ্গিতে স্মিথ বলে ওঠেন, "নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।"

স্মিথের কথার বিপরীতে উইকেটের পেছন থেকে লিটনের তাতক্ষণিক ও শান্ত জবাব ছিল, "তুমি শুধু ব্যাট করো।" এতে ক্ষুব্ধ স্মিথ পাল্টা বলেন, "আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।"

স্মিথ মাঠে যা খুশি করার কথা বললেও শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৪৪ রানেই সাজঘরে ফিরতে বাধ্য হন। তবে অজি তারকাকে মুখের ওপর এভাবে জবাব দেওয়ার ঘটনাটি বেশ নজর কেড়েছে ক্রিকেট বিশ্লেষকদের।

ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলীয় পেসার ব্রেন্ডন জুলিয়ান বলেন, "বাংলাদেশ শুরু থেকেই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। স্মিথ মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশ একটুও পিছপা হয়নি।" সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ হিসেবে উল্লেখ করে বলেন, "ওই মুহূর্তে লিটন স্মিথকে জবাব দেওয়ার পর পুরো ইনিংসে বাংলাদেশ আর চুপ থাকেনি। তাদের নিজেদের ওপর গভীর বিশ্বাস ছিল এবং তারা জয়ের জন্য ক্ষুধার্ত ছিল।"

হোম কন্ডিশনে ঐতিহ্যবাহী শক্তি অজিদের বিপক্ষে এমন আগ্রাসী মানসিকতা দেখিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। শনিবার ম্যাকাইয়ে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

   

About

Popular Links

x