Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আনুশকার আলিঙ্গনে মুগ্ধ নেটিজেনরা

কোহলিকে আনুশকার সান্ত্বনা দেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগামধ্যমে ভাইরাল হয়েছে

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০১:১১ পিএম

ঘরের মাঠে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটের পুরো আসরে একচ্ছত্র আধিপত্য ছিল ভারতীয় ক্রিকেট দলের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব মিলিয়ে নিজেদের সেরাটা উপহার দিয়েছে রোহিত শর্মার দল। তবে শেষটা ভালো হয়নি ম্যান ইন ব্লুজ’দের। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে হাতছাড়া হয়েছে শিরোপা।  

রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লাখের বেশি দর্শকে ভরা গ্যালারিতে তাই নেমে আসে রাজ্যের নিস্তব্ধতা।

দর্শকদের সঙ্গে হতাশা নেমে আসে ক্রিকেটারদের মধ্যেও। আর সবচেয়ে বেশি আশাহত হয়েছেন বোধহয় বিরাট কোহলিকে। গোটা আসরে দুর্দান্ত ছন্দে ছিলেন ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি শতকের মালিক।

১১ ম্যাচে ৩টি শতক, ৬টি অর্ধশতক। ৯৫.৬২ গড়ে করেছেন ৭৬৫ রান। যেটা টুর্নামেন্টের সর্বোচ্চ। শুধু এই বিশ্বকাপেরই নয়, এটি বিশ্বকাপ ইতিহাসেই এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও। হয়েছেন আসরের সেরা খেলোয়াড়।

রবি শাস্ত্রী যখন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে কোহলির নাম ঘোষণা করেন তখন খানিকটা শুকনা মুখেই পুরস্কারটি নিতে মঞ্চে যান তিনি। বিসিসিআই প্রধান রজার বিনির হাত থেকে পুরস্কারটি নিয়ে মঞ্চ থেকে নামেন নীরবে। শিরোপা জিততে না পারার হতাশা ফুটে ওঠে শরীরি ভাষায়।

দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, সিনিয়র তারকাদের অনেকেই হয়ত স্বান্তনা দিতে চেষ্টা করেছেন, তবে তাতে হাসি ফোটেনি কোহলির মুখে। তাই সান্ত্বনা খুঁজতে চলে গেলেন স্ত্রী আনুশকা শর্মার কাছে। কোহলি কাছে যেতেই তাকে আলিঙ্গনে আবদ্ধ করেন বলিউড তারকা আনুশকা।

আর এই দৃশ্যটিই যেন ম্যাচ হারের দুঃখকে ছাপিয়ে জিতে নিয়েছে ভক্ত-সমর্থকদের হৃদয়। শুধু ভক্ত-সমর্থক নয়, ঘোর বিরোধীদেরও হৃদয় জিতে নিয়েছে দুঃসময়ে প্রিয়জনকে স্বান্তনা দেওয়ার এমন দৃশ্য। ভালোবাসার প্রতীক হিসেবে বর্ণনা করে নানা ধরনের ক্যাপশন জুড়ে দিয়ে ছবিটি শেয়ার করছেন নেটিজেনরা।

   

About

Popular Links

x