Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উইজডেনের বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

একাদশে আধিপত্য ভারতীয়দের

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

ভারতে পর্দা নেমেছে বিশ্বকাপ ক্রিকেটের ত্রয়োদশ আসরের। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ৬ষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

টুর্নামেন্ট শেষে আসরের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ম্যাগাজিন। সেরা একাদশের ছয়জনই বিশ্বকাপে রানার্সআপ হওয়া ভারতের। তিনজন জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন একজন করে।

একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। তার সঙ্গী হিসেবে রয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। রোহিত এবারের বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন। আর সেমিফাইনাল-ফাইনালের বিগ ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন হেড।

বিরাট কোহলি টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার এবং সিরিজ সেরা খেলোয়াড়। স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন এই একাদশে। ফর্মে থাকা ড্যারেল মিচেল এই একাদশে নিউজিল্যান্ডের একমাত্র প্রতিনিধি। বিশ্বকাপে নিয়মিত রানের দেখা পেয়েছিলেন এই কিউই ব্যাটার।

এরপরেই আছেন লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল এবং রবীন্দ্র জাদেজা। রাহুল এই স্কোয়াডের উইকেটরক্ষক। স্পিন বোলিং অলরাউন্ডার আর লোয়ার মিডল অর্ডারের ভারসাম্য রক্ষা করবেন ম্যাক্সওয়েল ও জাদেজা। 

পেসার হিসেবে একাদশে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, ভারতের মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহর। স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা।

উইজডেনের বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জেরাল্ড কোয়েটজি, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

 

   

About

Popular Links

x