চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লাৎসিওর বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন মিউনিখের দায়োত উপামেকানো। তার ওই ফাউলে পেনাল্টি পেয়ে যায় লাৎসিও, গোলও হয়ে যায়। আর এই গোলেই জয় পায় লাৎসিও।
এদিকে, এই হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উপামেকানো বর্ণবাদের শিকার হয়েছেন বলে দাবি করেছে বায়ার্ন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের ৬৭ মিনিটে নিজেদের বক্সে ইসাকসেনকে ফাউল করায় উপামেকানোকে সরাসরি লাল কার্ড দেখান ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেজিয়ে। এরপর পেনাল্টি থেকে গোল করে লাৎসিওকে জয় এনে দেন চিরো ইম্মোবিলে।
হারের জন্য স্বাভাবিকভাবেই বায়ার্ন সমর্থকরা ২৫ বছর বয়সী ফরাসি সেন্টারব্যাক উপামেকানোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী মন্তব্য করেছেন।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জার্মান ক্লাবটি নিজেদের এক্স (টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, “এফসি বায়ার্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়োত উপামেকানোর প্রতি বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। যারা এ ধরনের ঘৃণ্য মন্তব্য করে, তারা আমাদের ক্লাবের সমর্থক হতে পারে না।”



