নতুন কোচ হিসেবে সাবেক বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে বেছে নিয়েছে বায়ার্ন মিউনিখ। আগামী তিন বছরের জন্য জার্মান ক্লাবটির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে কোম্পানি।
বুধবার (২৯ মে) নিজেদের ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছে বায়ার্ন মিউনিখ।
এবারের মৌসুমটা একেবারেই ভালো যায়নি বায়ার্নের। ২০১১ সালের পর এবারই প্রথম বুন্দেসলিগা জিততে পারেনি বায়ার্ন। জার্মান সুপার কাপ থেকে শুরু করে ডিএফবি পোকাল ও চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থ হয়েছে বাভারিয়ানরা।
এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে টমাস টুখেলকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় বায়ার্ন। টুখেল চলতি মৌসুমে পুরোটা ছিলেন। তবে নতুন কোচ নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
উঠে আসে বায়ার লেভারকুসেনের জাবি আলোনসো, সাবেক কোচ ইউলিয়ান নাগলসমান এবং রালফ রাংনিকের নাম। অবশেষে চার বছর আগে খেলোয়াড়ি জীবনের ইতি টানা বার্নলির কোচ কোম্পানির ওপরই ভরসা রাখতে হলো বায়ার্ন মিউনিখকে।
এর আগে, নিজ দেশের আন্ডারলেখটের ডাগআউটেও ছিলেন কোম্পানি। সদ্য সমাপ্ত মৌসুমে বার্নলি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপে নেমে যায়। তবে ২০২২ সালে বার্নলির দায়িত্ব নিয়েই দলটিকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে ওঠান কোম্পানি।
বার্নলির সঙ্গে কোম্পানির চুক্তি ছিল ২০২৮ সাল পর্যন্ত। ক্ষতিপূরণ দিয়েই কোম্পানিকে মিউনিখে নিয়ে এসেছে বায়ার্ন। ক্ষতিপূরণের অঙ্কটি নাকি ১ কোটি ২৭ ডলার।



ভিনসেন্ট কোম্পানি হচ্ছেন বায়ার্ন মিউনিখের কোচ!