Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নাইজেরিয়ান ফুটবলার

খেলা চলাকালে হৃদরোগে আক্রান্ত হন নাইজেরিয়ান ফুটবলার মাগালান উগোচুকউ। হাসপাতালে তার মৃত্যু হয়

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৯:৪৫ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতানো নাইজেরিয়ান ফুটবলার মাগালান উগোচুকউ (৩৪) মারা গেছেন।

মঙ্গলবার (২৭ জুন) সাতক্ষীরা সদরের ভাদড়া ফুটবল মাঠে আটদলীয় রোহান ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচ চলাকালে মাঠেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি রুহুল কুদ্দুস বলেন, “আটদলীয় টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচে ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব। ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন মাগালান।”

তিনি বলেন, “খেলা শেষ হওয়ার কিছু সময় আগে হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়েন মাগালান। সঙ্গে সঙ্গে তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৩টার দিকে সেখানে মারা যান মাগালান।”

রুহুল কুদ্দুস আরও বলেন, “মাঠে অসুস্থ হওয়ার বিষয়টি ঢাকায় অন্য নাইজেরিয়ান ফুটবলারদের জানানো হয়েছিল। খবর পেয়ে বেশ কয়েকজন খেলোয়াড় ঢাকা থেকে খুলনা হাসপাতালে এসেছিল। সাতক্ষীরায় ওই ম্যাচ খেলার জন্য তার সঙ্গে ১২,০০০ টাকার চুক্তি হয়েছিল আমাদের।”

ওই দিন মাঠে থাকা দর্শক শাহেদ আলী বলেন, “ম্যাচের শেষ ১০ মিনিটের খেলা চলছিল। তখনই অসুস্থ হয়ে পড়েন মাগালান। অনেকে বলেছেন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।”

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা ফুটবল দলের সাবেক ফুটবলার আতাউর রহমান আতা বলেন, “প্রচণ্ড গরমে মাঠে অসুস্থ হয়ে পড়ে মাগালান। তখন তার ভাষা বুঝতে না পারায় কিছু সমস্যা তৈরি হয়েছিল। নিজের সমস্যার কথা জানালেও তার কথা কেউ বুঝতে পারেনি। পরে আমি গিয়ে তার সঙ্গে কথা বলেছি। আমাকে বলেছিল, তাকে কিছু খেতে দিতে। কারণ সে প্রতিটি খেলায় না খেয়েই মাঠে নামে। সেদিনও না খেয়ে খেলতে নেমেছিল।”

তিনি বলেন, “খেতে দেওয়ার পর আরও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে সিটি স্ক্যানের রিপোর্ট খারাপ আসলে চিকিৎসকরা খুলনা মেডিকেলে নিয়ে যেতে বলেন। খুলনায় নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত হার্টে রিং বসানোর পরমর্শ দেন। বিদেশি ফুটবলার হওয়ায় পাসপোর্ট জমা দিতে বলেন চিকিৎসকরা। সেটি দেওয়া সম্ভব হয়নি। রাত ৩টার দিকে মারা যান মাগালান। তাকে বাঁচাতে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত পারলাম না।”

২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পথচলা শুরু হয় মাগালানের। মুক্তিযোদ্ধা সংসদের হয়ে অভিষেক হয় তার। পরের বছর যোগ দেন চট্টগ্রাম আবাহনীতে। এক বছর সেখানে কাটান নাইজেরিয়ান এই তারকা।

২০১৯ সালে চট্টগ্রাম আবাহনী ছাড়ার পর দুবছর প্রিমিয়ার লিগে খেলা হয়নি মাগালানের। ২০২১ সালে ব্রাদার্স ইউনিয়নে নাম লেখান। ব্রাদার্সের হয়ে খেলেন ২০২২ মৌসুমও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিন ক্লাব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন। ১১টি গোল ও একটি অ্যাসিস্ট আছে। যার মধ্যে মুক্তিযোদ্ধার হয়ে ১০ ম্যাচে ৬ গোল, চট্টগ্রাম আবাহনীর হয়ে ১২ ম্যাচে ৩ গোল ও একটি অ্যাসিস্ট এবং ব্রাদার্সের হয়ে ১২ ম্যাচে ২ গোল করেছেন মাগালান।

   

About

Popular Links

x