প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দৃঢ় পারফর্ম করেও ২-০ ব্যবধানে হেরে মৌসুম শুরু করে চেলসি। ফলে হার দিয়ে প্রিমিয়ার লিগে চেলসি অধ্যায় শুরু করেন কোচ এনসো মারেসকা। তবে দ্বিতীয় রাউন্ডেই উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষ গোল উৎসব করে জয়ে ফিরেছে ব্লুসরা।
রবিবার (২৫ আগস্ট) উলভসের মলিনো স্টেডিয়ামে ৬-২ গোলের জয় পেয়েছে চেলসি। এই ম্যাচে হ্যাট্রিক করেছেন চেলসির ২২ বছর বয়সী ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার ননি মাদুয়েকে। বাকি গোল তিনটি করেন নিকোলাস জ্যাকসন, কোল পালমার ও সদ্যই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চেলসিতে ফেরা জোইয়াও ফেলিক্স।
উলভসের হয়ে দুটি গোল করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড মাথিউস কুনিয়া ও নরওয়ের তরুণ ফরোয়ার্ড ইয়োর্গেন স্ট্রান্ড লারসেন। এ দিন ম্যাচের ৯৮ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় চেলসি। কর্নার থেকে উড়ে আসা বল হেডারে জালে জড়ান চেলসির সেনেগাল স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন।
এরপর দুই পক্ষই একের পর এক আক্রমণে উঠতে থাকে। এর মধ্যে ১৯তম মিনিটে এনসো ফের্নান্দেসের বাড়ানো পাস ধরে বক্সের ডানপ্রান্ত থেকে নেওয়া মাদুয়েকের নিচু শট প্রতিহত করেন উলভস গোলরক্ষক হোসে সা। তবে এর কিছুক্ষণ পরই স্বাগতিকদের সমতা ফেরান কুনিয়া।
ম্যাচের ২৭তম মিনিটে ডানপায়ের শটে চেলসির জাল কাঁপিয়ে দেন এই ব্রাজিলীয়। তবে ৪৫তম মিনিটে ফের এগিয়ে যায় চেলসি। জ্যাকসনের বাড়িয়ে দেওয়া বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন কোল পালমার। তবে এগিয়ে থেকে বিরতি যাওয়া হয়ে ওঠেনি চেলসির। যোগ করা ৯ মিনিটের ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের ফের সমতায় ফেরান লারসেন।
বিরতির পর পালমার-মাদুয়েকের যুগলবন্দীতে ম্যাচ থেকে ছিটকে যায় উলভারহ্যাম্পটন। কোল পালমারের অ্যাসিস্টের হ্যাট্রিকে ১৪ মিনিটের মধ্যে গোলের হ্যাট্রিক পূরণ করেন মাদুয়েকে। তিনটি গোলই ছিল একই ধরনের।
৪৯তম মিনিটে পালমারের বাড়ানো বল ধরে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের নিচু শটে চেলসিকে তৃতীয়বারের মতো এগিয়ে নেন মাদুয়েকে। এর ৯ মিনিট পর আরও একবার পালমারের বাড়ানো বল থেকে একই ঢংয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। চার মিনিট পর আরও এক গোল করে হ্যাট্রিকের আনন্দে ভাসেন মাদুয়েকে, আর অ্যাসিস্টের হ্যাট্রিক করে তার সঙ্গে উদযাপনে মাতেন পালমার।
এরপরও ম্যাচে একক আধিপত্য বিস্তার করে চেলসি। প্রতিপক্ষের ওপর চাপ অব্যাহত রাখে তারা। ম্যাচের ৬৮তম মিনিটে জ্যাকসনের পরিবর্তে মাঠে নামেন পাকাপাকিভাবে চেলসিতে নাম লেখানো পর্তুগিজ তারকা জোইয়াও ফেলিক্স। ম্যাচের ৮০তম মিনিটে আরেক পর্তুগিজ সতীর্থ পেদ্রো নেতোর অ্যাসিস্ট থেকে গোল করে “দ্বিতীয় অভিষেক” রাঙান ফেলিক্স।
ফলে দুই ম্যাচের দুটিই হেরে পয়েন্ট তালিকার তলানিতে পড়ে রইল উলভারহ্যাম্পটন। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে চেলসি।
প্রিমিয়ার লিগে তাদের পরের ম্যাচ আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় স্টামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এর মাঝে বৃহস্পতিবার রাতে উয়েফা কনফারেন্স লিগের কোয়ালিফিকেশন রাউন্ডে সের্ভেত্তের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবে তারা। প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় এই ম্যাচে অবশ্য কিছুটা চাপমুক্ত থাকবে মারেসকার শিষ্যরা।



