আসর শুরুর আগে খেলোয়াড় নির্বাচন নিয়ে বিতর্কের মুখে পড়লেও বড় জয়ে নেশন্স লিগে নিজেদের অভিযান শুরু করেছে রোনাল্ড কুমানের নেদারল্যান্ডস। আইন্দহোভেনের ফিলিপস স্তাদিয়নে শনিবার রাতে নেশন্স লিগের “এ” লিগের তৃতীয় গ্রুপের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ডাচরা।
এ দিন মেমফিস ডিপাইয়ের অনুপস্থিতিতে দলে ডাক পাওয়া জশুয়া জির্কজির গোলে প্রথমবার এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর তিজানি রেইনডার্স, কোডি গাকপো, ভাউট ভেগহোর্স্ট ও জাভি সিমোনস একটি করে গোল করেন। অপরদিকে, বসনিয়ার গোলদুটি করেন এমেরদিন দেমিরোভিচ ও এদিন জেকো।
এ দিন ম্যাচজুড়ে দাপুটে ফুটবল উপহার দেয় নেদারল্যান্ডস। ৭১% সময় নিজেদের পায়ে বলের দখল রাখে তারা। মোট ২৬ শটের ৮টি লক্ষ্যে রেখে তার পাঁচটিতে সাফল্য পায় ডাচরা। অন্যদিকে, চারটি শটের তিনটি লক্ষ্যে রেখে দুটিতে সফল হয় বসনিয়া।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে জাভি সিমোন্সের ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে হেডারে ডাচদের এগিয়ে নেন জির্কজি। এর ফলে জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেয়ে যান ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণ ফরোয়ার্ড। গোল খাওয়ার পর উজ্জীবীত ফুটবল খেলা শুরু করে বসনিয়া। এর ফলও তারা পেয়ে যায় ১৪ মিনিট পর। ২৭তম মিনিটে মিডফিল্ডার ডেনিস হুসেনবেশিচের বাড়ানো পাস ধরে নিচু শটে জাল খুঁজে নেন দেমিরোভিচ।

বসনিয়া সমতায় ফেরার পর ফের এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে নেদারল্যান্ডস। তবে কিছুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। ৪২তম মিনিটে রেইনডার্সের শট পোস্টে বাধা পায়। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জালের দেখা পান এই এসি মিলান মিডফিল্ডার। জির্কজির বাড়ানো পাস ধরে তিনি নিখুঁত শটে ফের ব্যবধান বাড়ালে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস।
বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাকপো। বাঁ পাশ থেকে ডেনসেল ডুমফ্রিসের বাড়ানো পাস ধরে একটু এগিয়ে গিয়েই বিপরীত পাশ থেকে প্রতিপক্ষের বক্সের ভেতরে এগোতে থাকা গাকপোর উদ্দেশে গোলমুখে জোরালো নিচু ক্রস দেন রেইনডার্স; স্লাইডে তা থেকে গোল আদায় করে নেন লিভারপুল ফরোয়ার্ড। পরের মিনিটে আরও একটি গোল পেয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস। জির্কজির পাস ধরেই রেইনডার্স শট নিলে তা প্রতিপক্ষের রক্ষণে বাধা পেয়ে সিমোন্সের সামনে চলে আসে। তিনি সেখান থেকে শট নিলে তা ক্রসবারে লাগে। ফলে সে যাত্রায় রক্ষা পায় বসনিয়া।
তিন গোল খেয়েও ম্যাচে ফেরার সুযোগ খুঁজতে থাকে বসনিয়া। ম্যাচের ৭৩তম মিনিটে আরও একটি গোল পরিশোধ করে সমর্থকদের আশা বাঁচিয়ে রাখেন বসনিয়ার অভিজ্ঞ ফরোয়ার্ড এদিন জেকো। ১৯ বছর বয়সী এসমির বাইরাকতারেভিচের গোলমুখে বাড়ানো ক্রস থেকে গোল আদায় করে নেন ৩৮ বছর বয়সী ফেনারবাচে স্ট্রাইকার।
তবে ম্যাচের দুই মিনিট বাকি থাকতে চতুর্থ গোলটি করে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করে ফেলেন সদ্য শেষ হওয়া দলবদলের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আয়াক্সে যাওয়া ফরোয়ার্ড ভেগহোর্স্ট। তরুণ ডাচ মিডফিল্ডার কুইন্টেন টিম্বারের শট বসনিয়া গোলরক্ষক নিকোলা ভাসিল ফিরিয়ে দিলেও তা গিয়ে পড়ে ভেগহোর্স্টের সামনে, এরপর প্রথম টোকাতেই ব্যবধান ৪-২ করে ফেলেন তিনি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও একটি গোল পেয়ে যান সিমোন্স। ডনিয়েল মালেনের সঙ্গে ওয়ান-টু করে প্রতিপক্ষের বক্সের সামনে গিয়ে জোরালো শট নেন এই পিএসজি উইঙ্গার। বল প্রতিপক্ষের একজনের শরীরে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়। ফলে ডাচ সমর্থকদের উদযাপনে বাড়তি মাত্রা যোগ হয়।
ফলে বড় জয়ের পরও গোল ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রইল রোনাল্ড কুমানের শিষ্যরা। দিনের অপর ম্যাচে হাঙ্গেরিকে ৫-০ গোলে হারিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে একটায় মুখোমুখি হবে শুরুতেই উড়তে থাকা এই দুই দল। ওইদিন একই সময়ে মুখোমুখি হবে প্রথম রাউন্ডে বড় ব্যবধানে হারা হাঙ্গেরি এবং বসনিয়া ও হার্জেগোভিনা।



