Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শীর্ষস্থান সংহত করার ম্যাচে আলিসনকে হারাল লিভারপুল

প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে শনিবার প্যালেসকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে আর্নে স্লটের লিভারপুল

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পিএম

ক্রিস্টাল প্যালেসের মাঠে জিতে লিগে নিজেদের অবস্থান সংহত করলেও বড় দুঃসংবাদ শুনতে হয়েছে লিভারপুলকে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এ দিন মাঠ ছেড়েছেন গোলের আলিসন বেকার।

প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে শনিবার প্যালেসকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে আর্নে স্লটের লিভারপুল।

এ দিন ম্যাচের ৩০ সেকেন্ডের মধ্যেই লিভারপুলের জালে বল পাঠায় প্যালেস, তবে অফসাইডের কারণে গোলবঞ্চিত হয় তারা। এরপর ম্যাচের নবম মিনিটে একমাত্র গোলটি করে দলের জয়ে ভূমিকা রাখেন লিভারপুলের পর্তুগিজ উইঙ্গার দিয়োগো জোতা।

বল দখলের লড়াইয়ে লিভারপুল ম্যাচে একক আধিপত্য বিস্তার করলেও আক্রমণে তাদের চেয়ে মোটেও পিছিয়ে ছিল না “ঈগলস”।

ম্যাচজুড়ে ৬৮% সময় বলের দখল রেখে মোট ১৬টি শট নেয় লিভারপুল, যার চারটি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে, ৩২% সময় বল নিজেদের দখলে থাকলেও ৯টি শটের পাঁচটি লক্ষ্যে রাখে প্যালেস।

ম্যাচটি জয়ের দিন বড় ধাক্কা খেয়েছে আর্নে স্লটের দল। এ দিন ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলের ব্রাজিলীয় গোলরক্ষক আলিসন বেকারের। মাঠ ছাড়ার সময় তাকে ডান পায়ের পেছনে হাত দিতে দেখা যায়। সে সময় তার স্থানে লিভারপুলের জার্সিতে অভিষেক হয় ২৩ বছর বয়সী চেক গোলরক্ষক ভিটেস্লাভ ইয়ারোশের।

ম্যাচ শেষে লিভারপুল কোচ জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন আলিসন। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে তাকে পাওয়ার আশা করছেন না তিনি।

প্যালেসের বিপক্ষে জয়ে লিগে সাত ম্যাচের ছয়টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে চারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, সাত ম্যাচে তিনটি ড্র করলেও এখনও জয়ের দেখা মেলেনি প্যালেসের। তিন পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম দল তারা।

   

About

Popular Links

x