Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্দান্ত জয়ে নিজেদের রেকর্ড ছুঁয়েছে সিটি

এই জয়ে প্রিমিয়ার লিগে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল পেপ গার্দিওলার দল

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম

টানা ম্যাচ জিতে সিটির চেয়ে চার পয়েন্ট এগিয়ে গিয়েছিল লিভারপুল। তবে নিজেদের ম্যাচটি জিতে পয়েন্ট ব্যবধান ফের কমিয়ে আর্নে স্লটের দলের ওপর চাপ অব্যাহত রাখল পেপ গার্দিওলার শিষ্যরা। ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে শনিবার ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

এই জয়ে প্রিমিয়ার লিগে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল পেপ গার্দিওলার দল। গত ডিসেম্বরে অ্যাস্টন ভিলার বিপক্ষে সর্বশেষ হারে দলটি। এর ফলে নিজেদেরই গড়া সর্বোচ্চ টানা অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে ম্যানচেস্টার ক্লাবটি।

এর আগে ২০১৭ সালের এপ্রিল থেকে পরের বছরের জানুয়ারি পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল তারা। আগামী ২০ অক্টোবর উলভারহ্যাম্পটনের বিপক্ষে হার এড়াতে পারলেই নিজেদের রেকর্ড ভেঙে তা আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে ক্লাবটির সামনে।

শুধু তা-ই নয়, ঘরের মাঠে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত রইল সিটি। সবশেষ ২০২২ সালের নভেম্বরে ইতিহাদে সর্বশেষ হেরেছিল তারা।

এ দিন সিটির পক্ষে জোড়া গোল করেন মিডফিল্ডার মাতেও কোভাচিচ এবং অন্য গোলটি আসে জেরেমি দকুর পা থেকে। অন্যদিকে, আন্দ্রেয়াস পেরেইরা গোলে শুরুতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয় ফুলহ্যাম। তিনটি গোল খাওয়ার পর ম্যাচের একেবারে শেষ দিকে ব্যবধান কমান রদ্রিগো মুনিস।

শুরু থেকেই এদিন ফুলহ্যামের ওপর চাপ ধরে রাখে সিটি। ম্যাচজুড়ে ২০টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে তারা। অপরদিকে, ফুলহ্যামের ১১টি শটের চারটি লক্ষ্যে ছিল।

ম্যাচের শুরুতেই এ দিন এগিয়ে যেতে পারত সিটি। প্রতিপক্ষের বক্সের সামান্য বাইরে থেকে বক্সের ভেতরে ঢোকা আর্লিং হালান্ডকে পাস বাড়ান রিকো লুইস। তবে পাসটি ধরে সামান্য বাঁ দিকে সরে গিয়ে দূরের পোস্ট বরাবর শট নিয়ে লক্ষ্যভ্রষ্ট হন হালান্ড।

অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া হালান্ডের আরও একটি দুর্বল শট ঠেকান ফুলহ্যামের জার্মান গোলরক্ষক বেয়ার্ন্দ লেনো। এরপর ম্যাচের ২৬তম মিনিটে আচমকা গোল পেয়ে এগিয়ে যায় ফুলহ্যাম। দলীয় প্রচেষ্টায় আক্রমণে উঠে বক্সের এপাশ থেকে ওপাশে বল নাড়াচাড়া করতে করতে ছয় গজ বক্সের সামনে থেকে গোলমুখে ক্রস দেন ফুলহ্যাম ফরোয়ার্ড রাউল হিমেনেস, সেখান থেকে ঠিকানা খুঁজে নেন দলটির ব্রাজিলীয় অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরা।

প্রথম গোলটি পাওয়ার তিন মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পায় ফুলহ্যাম। পাল্টা আক্রমণে উঠে সিটির দুই ডিফেন্ডারের বিপক্ষে তিন খেলোয়াড় থাকায় গোল পেতে খুব বেশি বেগ পেতে হতো না তাদের, কিন্তু গোলমুখে থেকেও বল পেয়ে তা ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন আদামা ত্রায়োরে।

এর তিন মিনিট পর বক্সের সামান্য ভেতর থেকে মাতেও কোভাচিচের বুলেট শটে সমতায় ফেরে সিটি।

কর্নার থেকে আসা বল সতীর্থের মাথায় লেগে কিছুটা পেছনে চলে এলে ফাঁকায় বল পেয়ে ছুটে গিয়ে জোরালো শট হাঁকান কোভাচিচ। শটটি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। ৩৫তম মিনিটে বাঁ পাশে বক্সের মধ্যে থেকে কাছের পোস্টে বের্নার্দো সিলভার নেওয়া নিচু শট ঠেকান লেনো।

৪৩তম মিনিটে বাঁ পাশ থেকে হোডারে লক্ষ্যভেদ করতে পারতেন সিলভা, কিন্তু দূরের পোস্টের সামান্য বাইরে দিয়ে বল চলে যাওয়ায় বিরতির আগেই এগিয়ে যাওয়া হয়ে ওঠে না পেপ গার্দিওলার শিষ্যদের।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই দ্বিতীয় গোল পেয়ে যায় সিটি, এবারও গোল করে দলকে এগিয়ে নেন কোভাচিচ। ডান পাশ ধরে আক্রমণে উঠে বক্সের মধ্যে বিপরীত পাশে পাস বাড়ান ফিল ফোডেন, তাতে প্রথম ছোঁয়াতেই বক্সের সামনে পাস দেন সিলভা। এরপর আরও একটি জোরালো শটে লক্ষ্যভেদ করেন ৩০ বছর বয়সী এই ক্রোয়াট মিডফিল্ডার। এরপর খেলার গতি কিছুটা স্লথ হয়ে যায়। তবে বলের ওপর নিয়ন্ত্রণ রেখে বরাবরই সুযোগ খুঁজে চলেছিল সিটি।

এরই ধারাবাহিকতায় ৮২তম মিনিটে কোভাচিচের মতোই একটি শটে জয় নিশ্চিত করে ফেলেন ৬২তম মিনিটে ফোডেনের বদলি হিসেবে নামা বেলজিয়ান উইঙ্গার জেরেমি দকু। দুই গোলে পিছিয়ে পড়ে আবারও কিছুটা উজ্জীবীত হয়ে ওঠে ফুলহ্যাম। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের এক মিনিট আগে ব্যবধান কমায় তারা।

দলীয় আক্রমণে উঠে ডান পাশ দিয়ে বক্সে ঢুকে পেনাল্টি স্পটের কাছে থাকা রদ্রিগো মুনিসের কাছে বল বাড়ান রাইস নেলসন। পাসটি ধরে ঘুরেই শট নেন এই স্ট্রাইকার, সামনে থাকা সিটি ডিফেন্ডার জন স্টোনসের শরীরে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায় বল। এরপর ৩-২ ব্যবধানেই ম্যাচটি শেষ হলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

এর ফলে প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর জয়ের মুখ দেখল সিটি। আর সাত ম্যাচে পাঁচ জয় ও দুটি ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল তারা।

দিনের অপর ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্নে স্লটের লিভারপুল। এছাড়া অন্য ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও সাউথহ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। আর এর ফলে সিটির সমান সংখ্যক ম্যাচে সমান জয় ও ড্রয়ে একই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিকেল আর্তেতার দল।

   

About

Popular Links

x