অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারার পর নতুন উদ্যমে সিরিজে সমতা ফেরাতে মাঠে নামে পাকিস্তান। শুরু থেকে বেশ ভালোই ছন্দে থাকে পাকিস্তানি পেসাররা। হারিস রউফের ফাইফারে ও আয়ুবের ৬ ছক্কায় খুব সহজ জয় তুলে নেয় পাকিস্তান। জয়ের পাশাপাশি বিশ্ব রেকর্ডে নাম লেখান পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সম্মিলিতভাবে রেকর্ড বইয়ে নাম লেখালেও রেকর্ডটি শুধু নিজের করে নেওয়ার সুযোগ ছিল রিজওয়ানের।
শুক্রবার (৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভের মধ্য দিয়ে সিরিজে সমতা ফেরালো পাকিস্তান। আর এই ম্যাচেই উইকেটের পেছনে দাঁড়িয়ে একে একে ৬টি ক্যাচ লুফে নিয়েছেন রিজওয়ান। আর এরই মধ্য দিয়ে বিশ্ব রেকর্ডে নাম জুড়ে গেল তার। এক ম্যাচে সর্বোচ্চ ৬টি ক্যাচ লুফে নিয়েছেন এই তালিকায় ১২ নম্বরে নাম লেখালেন তিনি। এর আগে ৬ উইকেটের বেশি কেউ পায় নি। তবে আজকে রেকর্ডটি শুধু নিজের নামে করে নেওয়ার সুযোগ ছিল রিজওয়ানের। তবে হাত ফসকে পড়ে গেল তার রেকর্ডটি।
ইনিংসের ৩৪তম ওভারে নাসিম শাহর প্রথম বলে জোরে শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দিয়েছিলেন জাম্পা। ক্যাচের জন্য যথেষ্ট সময়ও পেয়েছিলেন তিনি। পজিশনও নেওয়া হয়ে গিয়েছিল তার। বাকি শুধু বলতা গ্লাভস বন্দি করার। আর সেখানেই গড়বড় করে ফেললেন রিজওয়ান। হঠাৎ হাতের পজিশন পরিবর্তন হওয়ায় বলটি রিজওয়ানের আঙ্গুল ছুঁয়ে মাটিতে পড়ে যায়। আর এরই মধ্য দিয়ে বিশ্ব রেকর্ডটিও তার হাত থেকে পড়ে গেল।
তবে স্বস্তিতে মাঠ ছাড়তে পেরেছেন রিজওয়ান। অস্ট্রেলিয়ার মাটিতে ৯ উইকেটের এক বড় জয় পেয়েছে পাকিস্তান।



