গতকাল রাতে ইতালিয়ান ফুটবল ক্লাব জেনোয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে জেনোয়ারের জার্সি গায়ে দাঁড়িয়ে আছে কিংবদন্তি রেসলার আন্ডারটেকার।
প্রতিটি ক্লাবের ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে খেলার জন্য আলাদা জার্সি থাকে। পাশাপাশি তৃতীয় আরেকটি জার্সি থাকে। জেনোয়ার এক্স প্রোফাইলে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রেসলিংয়ের রিংয়ে যে ভয় ধরানো দৃষ্টি ও শরীরী ভাষা থাকে, মাথায় পরিচিত সেই ব্যান্ড রেখে সেভাবেই ছবিগুলো তুলেছেন ডব্লুডব্লুই হল অব ফেমে ঠাঁই পাওয়া সর্বকালের অন্যতম সেরা এ রেসলার।
আন্ডারটেকার তার রেসলিং ক্যারিয়ারে ৪ বার ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন ও ১ বার রয়্যাল রাম্বল চ্যাম্পিয়ন হয়েছেন।
আন্ডারটেকারের গায়ে এমন জার্সির ব্যাখ্যা দিয়ে জেনোয়া ক্লাবটি বলেছে, ‘‘আন্ডারটেকারের মতো চ্যাম্পিয়ন রেসলাররা আছেন বলেই বিনোদন, সঙ্গীত, শিল্প ও খেলাধুলা আরও সমৃদ্ধ হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে হাতবদল হওয়া ভালোবাসার এই খেলায় রিংয়ে কিংবদন্তিদের মধ্যে শ্রদ্ধাভাজন তিনি।’’
এর আগে গত ফেব্রুয়ারিতে সৌদি প্রো লিগের ফাইনালে আল নাসর ও আল হিলালের মধ্যকার ম্যাচের আগে ট্রফি নিয়ে মাঠে ঢুকেছিলেন রেসলিংয়ের রিংয়ে ‘‘আন্ডারটেকার’’ নামে পরিচিতি পাওয়া মার্ক উইলিয়াম ক্যালাওয়ে।



