প্রত্যেক বছরের ন্যায় এবারও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘‘দ্যা বেস্ট-২০২৪” এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা। প্রকাশিত এই তালিকায় মনোনীত ১১ খেলোয়াড়ের মধ্যে ভিনিসিয়াস, রদ্রি, কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে রয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিও। এ নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দেওয়া ‘‘দ্য বেস্ট’’ পুরস্কারে টানা ৯ বারই মনোনয়ন পেলেন আর্জেন্টাইন এই মহাতারকা।
ইউরোপ ত্যাগ করায় এবার ব্যালন ডি’অরের তালিকায় নাম ছিল না মেসির। ফিফার প্রকাশিত শেষ তিনবারের দ্যা বেস্ট এর তালিকায় দুই বছরই জিতেছেন মেসি।
দ্যা বেস্ট পুরস্কারে ‘‘ফিফা মেন্স” খেলোয়াড়ের পাশাপাশি আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা কোচ, গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এছাড়াও রয়েছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।
ফিফা প্রদত্ত এই পুরস্কারগুলোর প্রতিটিতে সমর্থকরা তাদের পছন্দানুযায়ী ভোট দিতে পারেন। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের ৪ ভাগের এক ভাগ। বাকি ৩ ভাগ দেবেন ফিফা সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও সেরা একাদশে ভক্ত-সমর্থকদের ভোটের হার থাকবে অর্ধেক। সমর্থকরা ফিফার ওয়েবসাইটে ১০ ডিসেম্বর পর্যন্ত এ ভোট দিতে পারবেন।
এবার বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা ও জাবি আলোনসো। ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের গত মৌসুমের অর্থাৎ ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে।
ফিফা প্রকাশিত দ্যা বেস্ট এর তালিকায় রয়েছেন, বেলিংহাম, দানি কারভাহাল, হল্যান্ড, টনি ক্রুস, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, রদ্রি, ভালবারদে, ভিনিসিয়াস জুনিয়র, রিটজ ও তরুণ ইয়ামাল।



