Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার

২০০৪ সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটিই তার প্রথম লাল কার্ড

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

প্রায় দুই দশকের ফুটবল ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখার পর এবার অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বায়ার্ন মিউনিখ অধিনায়ক মানুয়েল নয়ার। ফলে ঘরোয়া ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক পরের দুই ম্যাচ অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

আলিয়ান্স আরেনায় মঙ্গলবার রাতে জার্মান কাপের শেষ ষোলোর ম্যাচের সপ্তদশ মিনিটে বক্স থেকে বেরিয়ে বায়ের লেভারকুজেন উইংব্যাক জেরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়ার। ২০০৪ সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সেটিই ছিল তার প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়ার অভিজ্ঞতা।

শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় বায়ার্ন মিউনিখ। ফলে এবারও জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে আর ওঠা হয়ে ওঠেনি সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়নদের।

ওই ঘটনার ভিডিও বিশ্লেষণ করে বৃহস্পতিবার তাকে দুই ম্যাচ নিষিদ্ধের কথা জানিয়েছে ডিএফবি। তবে শুধু ঘরোয়া কাপে এই নিষেধাজ্ঞা দেওয়ায় আগামী মৌসুমের জার্মান কাপে কার্যকর হবে তার এই শাস্তি।

এদিকে, চলতি মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে নয়ারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তিনি যদি আর তা নবায়ন না করেন কিংবা জার্মান ফুটবল ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমান, তাহলে এই শাস্তি আর তাকে ভোগ করতে হবে না।

   

About

Popular Links

x