Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ম্যানচেস্টার সিটিই শেষ ক্লাব, জানিয়ে দিলেন গার্দিওলা

গার্দিওলার অধীনে গত ৮ বছরে ৬টি প্রিমিয়ার লিগ ও ১টি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্যা শিরোপা জিতেছে সিটি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

কোচিং ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটিই শেষ ক্লাব বলে জানিয়েছেন ক্লাবটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। পাশাপাশি ক্লাব ফুটবল ছাড়লেও আন্তর্জাতিক ফুটবল কোচিংয়ে নাম লেখানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

গার্দিওলার অধীনে গত ৮ বছরে ৬টি প্রিমিয়ার লিগ ও ১টি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্যা শিরোপা জিতেছে সিটি। তবে সম্প্রতি কোচিং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন সিটিকে টানা ৪টি প্রিমিয়ার লিগ জেতানো এই কোচ। ৭ ম্যাচ টানা জয়বঞ্চিত থাকার পর গত সপ্তাহে জয়ের দেখা পেয়েছে তার দল।

অবশ্য দলের এমন পারফরম্যান্সে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার সম্পর্কের ঘাটতি হয়নি। সম্প্রতি ২০২৭ সাল পর্যন্ত সিটির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন ৫৩ বছর বয়সী পেপ। এই মেয়াদ পূর্ণ করলে ক্লাবটিতে ১০ বছরের বেশি সময় অতিবাহিত করবেন তিনি।

সম্প্রতি স্প্যানিশ শেফ দানি গার্সিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন গার্দিওলা। সেখানে কোচিংয়ে নিজের ভবিষ্যৎসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন তিনি।

গার্সিয়ার ইউটিউব চ্যানেল দেসমন্তাদিতোয় প্রকাশিত ভিডিওতে গার্দিওলাকে বলতে শোনা যায়, ‘‘(সিটি ছাড়ার পর) আমি আর কোনো ক্লাবের কোচিং করাব না। সুদূর ভবিষ্যতে কী হবে জানি না, তবে এটুকু বলতে পারি যে সিটি ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে ফের একই কাজ করা- এসব আর করছি না। আসলে ওই পরিমাণ প্রাণশক্তি আর আমার নেই।’’

ক্লাব ফুটবল ছাড়লেও জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টিও তার বিবেচনায় রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘‘জাতীয় দলের কোচ হয়তো হতে পারি, সেটা আলাদা বিষয়। আমি সত্যি সত্যিই এসব ছাড়তে চাই। সব ছেড়েছুড়ে গলফ খেলতে চাই, কিন্তু পারি না। তবে যখন মনে হবে যে যথেষ্ট হয়েছে, আর নয়, তখন অবশ্যই আমি থেমে যাব।”

গত কয়েক বছর ধরেই বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ হতে গার্দিওলাকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। ইংল্যান্ড জাতীয় দলে টমাস টুখেল গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হওয়ার আগে গার্দিওলার থ্রি লায়ন্সদের দায়িত্ব নেওয়ার খবর চাউর হয়।

তার আগে ব্রাজিলের কোচ হতেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে গুঞ্জন রটে। তবে সব গুঞ্জন একপাশে রেখে সিটির অর্জেনের দিকেই বারবার মানোযোগেী থাকতে দেখা গেছে এই কাতালান ট্যাকটিশিয়ানকে।

অবশ্য, ভবিষ্যতে তার যে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা আছে, সে কথা আগেও তিনি জানিয়েছেন। এক্ষেত্রে সবার আগে আসতে পারে তার নিজ দেশ স্পেনের নাম।

কিছুদিন আগে স্পেনের কোচ হওয়া নিয়েও তাকে নিয়ে গুঞ্জন ছড়ায়। সে সময় তৎকালীন স্পেন কোচ লুইস এনরিকে জানিয়েছিলেন, পেপ যদি দায়িত্ব নিতে চায়, সেক্ষেত্রে আমি যেকোনো সময় তাকে জায়গা ছেড়ে দিতে প্রস্তুত। ফলে ভবিষ্যতে তাকে লা রোহাদের ডাগআউটে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

   

About

Popular Links

x