Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন এমবাপে

পর্যাপ্ত প্রমাণের অভাবে ধর্ষণের তদন্ত বন্ধ করে দিয়েছে সুইডিশ পুলিশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

ছুটি কাটাতে সুইডেন গিয়ে যে আইনি জটিলতায় পড়েছিলেন ২৫ বছর বয়সী ফুটবল তারকা এমবাপে, তা থেকে অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। সুইডিশ পুলিশের তদন্ত শেষে স্বস্তি পেয়েছেন এই মাদ্রিদ স্টার। পর্যাপ্ত প্রমাণের অভাবে ধর্ষণের তদন্ত বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ বিষয়ে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা চিরাকোভা বলেন, “তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ আমাদের কাছে নেই। ধর্ষণ ও যৌন নিপীড়নের সুনির্দিষ্ট অভিযোগে একজন সুপরিচিত ব্যক্তিকে সন্দেহ করা হয়েছিল। তবে আমার মূল্যায়ন হচ্ছে, প্রমাণ ছাড়াই তদন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া অনর্থক।”

বিবৃতি দেওয়ার সময় একবারও অভিযুক্তের নাম উল্লেখ করেননি চিরাকোভা। তবে একাধিক সুইডিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ওই “সুপরিচিত” ব্যক্তি আসলে কিলিয়ান এমবাপেই। এরপর এমবাপের আইনজীবী মারি-আলিক্স কানু-বেরনার্দ ও তার প্রতিনিধির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তাদের কেউই মন্তব্য করতে রাজি হননি।

কয়েকদিন আগে ফরাসি টেলিভিশন কানাল প্লাসের পক্ষ থেকে জানতে চাওয়া হলে এমবাপে বলেন, “ধর্ষণের অভিযোগে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, জেনে আমি অবাকই হয়েছিলাম। সুইডিশ কর্তৃপক্ষ এ নিয়ে আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ পর্যন্ত করেনি!”

তিনি বলেন, “গুজব এভাবে না জানিয়েই ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি আমাকে একেবারেই প্রভাবিত করেনি।”

ঘটনাটি গত অক্টোবর মাসের। চোটের কারণে ফ্রান্স দলের সঙ্গে নেশন্স লিগের ম্যাচ না খেলে আন্তর্জাতিক বিরতির সময়ে ছুটি কাটাতে সুইডেন গিয়েছিলেন এমবাপে। সেখানে যে হোটেলে তিনি উঠেছিলেন, মাদ্রিদে ফেরার পর ওই হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তিনি যে সময় হোটেলে ছিলেন, ঠিক সেই সময়ই ওই ঘটনা ঘটে। ফলে সুইডিশ পুলিশের গোয়েন্দা নজরদারিতে পড়েন মেসি-রোনালদো-পরবর্তী যুগে ফুটবল বিশ্বকে নেতৃত্ব দেওয়া এই ফুটবলার।

এ নিয়ে ফরাসি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে বিষয়টি “ভুয়া” বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়েন এমবাপে। কিন্তু তা সত্ত্বেও পোশাকের ব্র্যান্ড “আর্টিস্ট প্যাক”-এর নতুন প্রোমোশন থেকে সে সময় এমবাপেকে সরিয়ে দেয় রিয়াল মাদ্রিদ।

দুঃসময় একটু একটু করে পিছু ছাড়ছে রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। মৌসুমের শুরু থেকে ক্লাব ও ভক্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও মাঠের খেলায় ছন্দে ফিরছেন তিনি। এবার মাঠের বাইরেও পেলেন সুখবর। ফর্মহীনতা কাটিয়ে সম্প্রতি ছন্দে ফিরতে শুরু করেছেন এমবাপে। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ দুই ম্যাচে গোল পেয়েছেন তিনি।

   

About

Popular Links

x