রিয়াল মাদ্রিদকে ৪-২, ৫-২ ও ৩-২ গোলে তিনটি ম্যাচ হারিয়ে আগেই দুটি শিরোপা নিজেদের করে নিয়েছিল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের এবার ৪-৩ গোলে হারিয়ে মৌসুমের সবগুলো এল ক্লাসিকো জিতে নিল কাতালান জায়ান্টরা। সেইসঙ্গে ঘরোয়া ট্রেবল জয়ের বন্দরে প্রায় নোঙর করেই ফেলেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
বার্সেলোনার বাকি তিন ম্যাচ থেকে দরকার মাত্র ২ পয়েন্ট। আর সেজন্য মাঠে নামাও জরুরি নয়। মঙ্গলবার রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে মায়োর্কার সঙ্গে না জিতলেই ২০২৪–২৫ লা লিগায় আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
৭ গোলের জমজমাট লড়াইয়ে বার্সার ৪-৩ ব্যবধানের জয়ে বড় অবদান লামিনে ইয়ামালের। গোল বেশি করেননি- মাত্র একটি। তবে পুরো ৯০ মিনিট রিয়াল মাদ্রিদকে চাপে রেখে দলকে ভরসা জুগিয়ে গেছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচের পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেছেন, বয়স কম হলেও ইয়ামালের বড় কিছু করার সামর্থ্য আছে।
ম্যাচে বার্সেলোনা শট লক্ষ্যে রাখতে পেরেছে ৯টি, এর মধ্যে ৫টিই ইয়ামালের। দুই দল মিলিয়ে ম্যাচের সবচেয়ে বেশি ৪টি ড্রিবলও বার্সার এই বিস্ময়বালকের।
বয়স এখনও ১৮ বছর হয়নি ইয়ামালের। কিন্তু এই ছেলে বার্সার জন্য অনেক বেশিই দায়িত্বশীল ভূমিকা রাখছেন কি-না, এমন প্রশ্নের জবাবে ফ্লিক বলেছেন, “সে বাচ্চা নয়। সে ভালো করছে। ভালো করার আত্মবিশ্বাসটা তার মধ্যে আছে; যেকোনো কিছু করতে পারার বিশ্বাস...। সে খুব বুদ্ধিমানও।”
বার্সেলোনা কোচ বলেন, “ওর গোলই আমাদের ম্যাচে ফিরিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ গোল ছিল। ১৭ বছর বয়সে এমন কিছু সত্যিই উঁচু মানের।”



