অনেক দিন থেকেই মাঠের বাইরে আছেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ছয় মাস পর তাকে আবার ক্রিকেট খেলতে দেখা যাবে। এইচবিএল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশের জন্য তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।
শনিবার (১৭ মে) ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, “চলমান পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পারছি বলে আমি সত্যিই আনন্দিত। এখন প্রতিটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটা পর্যায়ে আছি আমরা। এই টুর্নামেন্ট সবসময়ই আমার খুব ভালো লাগত, এবার মাঠে নিজে নেমে অবদান রাখতে পারব ভেবে ভালো লাগছে।... এই দলের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত।”
লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, “সাকিবকে লাহোর কালান্দার্স পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার অভিজ্ঞতা, দক্ষতা ও অলরাউন্ড সামর্থ্য এই পর্যায়ে এসে আমাদের জন্য বড় সম্পদ হয়ে উঠবে। দলে তার উপস্থিতি কেবল মাঠেই নয়, ড্রেসিংরুমেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।”
এর আগে, গতকাল শুক্রবার পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালোন্দার্স সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় জানিয়েছিল, সাকিব তাদের দলের হয়ে টুর্নামেন্টের বাকি অংশে খেলবেন। ১৭ মে ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। পরদিনই লাহোরের ম্যাচ আছে।
ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে।
এদিকে, পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে শাহিন আফ্রিদির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লাহোর দলে যোগ দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি ফরম্যাটে অসাধারণ সাফল্যের অধিকারী সাকিব। তার ঝুলিতে রয়েছে ৭,৪৩৮ রান এবং ৪৯২টি উইকেট। যেখানে রয়েছে ৬ রানের খরচায় ৬ উইকেট নেওয়ার কীর্তিও।



