ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দারুণ এক সূচনা করেছেন শুবমান গিল। হেডিংলিতে কাল প্রথম টেস্টের প্রথম দিনেই অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। পঞ্চম ভারতীয় হিসেবে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। তবে এমন আনন্দের উপলক্ষের মধ্যেই বিপাকে পড়েছেন গিল। আইসিসিরি নিয়ম ভেঙে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।
আইসিসির শৃঙ্খলাজনিত নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন গিল। ম্যাচের প্রথম দিনে কালো রঙের মোজা পরে ব্যাটিং করতে দেখা গেছে গিলকে, যা টেস্টে আইসিসির নিয়মের পরিপন্থী।
আইসিসির ‘‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রুলস’’-এর ১৯.৪৫ অনুচ্ছেদে বলা হয়েছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়েরা শুধু ‘‘সাদা, ক্রিম ও হালকা ধূসর’’ রঙের মোজা পরতে পারবেন। ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য বিধান রেখেছে আইসিসি। টেস্ট ছাড়া একই রঙের মোজা পরার বিধান রাখা হয়েছে এই অনুচ্ছেদে। তবে ট্রাউজারের মূল রঙের সঙ্গে মিলিয়েও মোজা পরা যাবে সংক্ষিপ্ত এই দুটি সংস্করণে। আইসিসির এ নিয়ম ২০২৩ সালের মে মাস থেকে কার্যকর করা হয়।
তবে এই নিয়ম ভেঙে গিল শাস্তি পাবেন কি না, তা নির্ভর করছে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের ওপর।



