মাত্র ২৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোটা। নিহত হয়েছেন তার ছোট ভাই আন্দ্রেও, ডিনি পেলাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন। তাদের আকস্মিক মৃত্যুতে শোকে ভাসছে ফুটবল-দুনিয়া। ক্রিস্টিয়ানো রোনালদো থেকে লিওনেল মেসিসহ অনেকেই জোটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল জোটার মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের বাইরে ভিড় জমিয়েছেন ক্লাবটির সমর্থকেরা।
জোটার মৃত্যুর পর অনেক সমর্থক তার পরা ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর দাবিও তুলেছেন। এই পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে জোতার জার্সিকে ‘‘অমর’’ হয়ে থাকবে বলে জানিয়েছে লিভারপুল কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে লিভারপুল কর্তৃপক্ষ লিখেছে, ‘‘২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে তার অবদানের জন্য নম্বর ২০ নম্বর জার্সিটি যথাযথভাবেই অমর হয়ে থাকবে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে সমর্থকদের সামনে স্বভাবসুলভ হালকা চালে শরীর দুলিয়ে করা জয়সূচক গোলটি ছিল তার জীবনের শেষ গোল। যা আজও হৃদয় ছুঁয়ে যায়।’’
গত ৩ এপ্রিল অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে লিভারপুলের ১-০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করেছিলেন দিয়েগো জোটা।

তবে লিভারপুলের এমন বিবৃতির পর জোটার জার্সিকে অবসরে পাঠানো এবং ভবিষ্যতে আর কেউ এই জার্সি পরবে কি না, সেটি স্পষ্ট না করলেও ভক্তদের অনেকে ক্লাবের এই বিবৃতিকে জার্সি অবসরে পাঠানোর ঘোষণা হিসেবে দেখছেন। একইভাবে অনেক সংবাদমাধ্যমও ‘‘অমর’’ করে রাখাকে জার্সি অবসরে পাঠানোর সমার্থক হিসেবে দেখছে।
জোটার জন্ম পর্তুগালের পোর্তোতে। তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন পাসোস দে ফেরেইরার যুব একাডেমিতে। সেখান থেকে ২০১৬ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে। এরপর ২০১৭ সালে প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে পাড়ি জমান।
তবে ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে লিভারপুলে। ২০২০ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটিতে যোগ দেন জোটা। ইয়ুর্গেন ক্লপের অধীনে এফএ কাপ ও লিগ কাপ জেতার পর, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেন তিনি। লিভারপুলের জার্সিতে ১৮২টি ম্যাচ খেলে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন জোটা।
আতলেতিকো মাদ্রিদের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করে পর্তুগিজ ক্লাব পোর্তো ও উলভসের হয়ে খেলার পর জোটা লিভারপুলে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন।



সড়ক দুর্ঘটনায় লিভারপুল তারকা জোটার মৃত্যু