Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইপিএল জয়ী পেসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

তিনি বেঙ্গালুরুর শিরোপজয়ী দলের সদস্য

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) দ্রুত গতির বোলার যশ দয়ালের বিরুদ্ধে গত মাসে এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে এই ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।

সোমবার (৭ জুলাই) উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ জুন ওই নারী ভারতের উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের মাধ্যমে এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তিনি প্রতারণা ও নিপীড়নের শিকার হয়েছেন এবং এর সুষ্ঠু বিচার চান। পুলিশের কাছে অভিযোগে সেই নারী দাবি করেছিলেন, তিনি ৫ বছর ধরে যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন।

ওই নারীর অভিযোগ, যশ তাকে বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। যশ তার পরিবারের সঙ্গেও ওই নারীর পরিচয় করিয়ে দেয়, যারা তাকে বলেছিল যে সেই হবে তাদের পুত্রবধূ। তিনি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলেন বলেও দাবি করেন। পরে ভুল বুঝতে পেরে প্রতিবাদ করায় শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। আর্থিকভাবেও তাকে কোণঠাসা করা হয়।

যশ এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপাজয়ী দলের সদস্য। তিনি আরসিবিরি হয়ে এই মৌসুমে ১৫ ম্যাচে ১৩টি উইকেট নেন। ২৭ বছর বয়সী এই পেসার ২০২২ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলেও ছিলেন।

যশ দয়াল/ফেসবুক

পুলিশের কাছে করা অভিযোগে এই নারী আরও বলেছেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছেন এবং চিকিৎসাও নিচ্ছেন। তার ভাষ্যমতে, ‘‘আমি অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছি। মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। ও এবং ওর পরিবার আমাকে বারবার মিথ্যা আশ্বাস দিত। ওর অন্য নারীদের সঙ্গে সম্পর্ক আমার ভেতরটা ভেঙে দেয়, প্রচণ্ড মানসিক যন্ত্রণা পেতে হয়।’’

এ ঘটনার বিষয়ে গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ পাটিল নিমীশ দশরথ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘যশ ইতোমধ্যে পুলিশকে তার বক্তব্য দিয়েছেন। আমরা নতুন ফৌজদারি বিধির ৬৯ নং ধারা অনুযায়ী (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন) তার বিরুদ্ধে মামলা রুজু করেছি এবং তদন্ত চলছে।’’

   

About

Popular Links

x