Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদে যাত্রা শুরু করেছে ‘আর্টেমিস ২’

পাঁচ দশক পর চার মহাকাশচারীর ১০ দিনের অভিযান

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম

প্রায় পাঁচ দশক পর ১০ দিনের অভিযানে চাঁদের কাছাকাছি যাওয়ার জন্য যাত্রা শুরু করেছে নাসার “আর্টেমিস ২” মিশনের মহাকাশযান ওরিয়ন। এই মিশনে যুক্ত হয়েছেন চার মহাকাশচারী - রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশনের বিশেষ কর্মী ক্রিস্টিনা কোচ এবং বিশেষ কর্মী জেরেমি হ্যানসেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে) সফর শুরু করে ওই মহাকাশযান। সাংবাদিক সম্মেলনে জ্যারেড আইজ্যাকম্যান বলেছেন, ক্রু-রা নিরাপদ, স্থিতিশীল এবং এক্সাইটেড।  

“আর্টেমিস ২” মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান একজন সাবেক মার্কিন নৌবাহিনীর পাইলট ও টেস্ট পাইলট। ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১৬৫ দিন কাটান। মহাকাশযানের পাইলট ভিক্টর গ্লোভার ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন এবং স্পেসএক্স ক্রু ওয়ান মিশনের পাইলটও ছিলেন। চাঁদের মিশনে অংশ নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী তিনি।

মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ একটানা ৩২৮ দিন মহাকাশে থেকে নারীদের মধ্যে দীর্ঘতম মহাকাশযাত্রার রেকর্ড গড়েছেন। এবারের মিশনের বদৌলতে চাঁদের চারপাশে ভ্রমণকারী বিশ্বের প্রথম নারীও হতে যাচ্ছেন তিনি। এই মিশনের স্পেশালিস্ট হিসেবে আছেন জেরেমি হ্যানসেন। তিনি-ই সর্বপ্রথম কানাডীয়, যিনি চাঁদে যাচ্ছেন।

চাঁদের যে অংশ পৃথিবী থেকে দেখা যায় না সেই অংশ থেকে ৬,৪০০ মাইল দূর দিয়ে উড়বেন তারা। সেখানে তারা তিন ঘণ্টা অবস্থান করবেন ও বিভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ ও ছবি ধারণ করবেন।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত, প্রায় ৬৫০ জন মানুষ মহাকাশে গিয়েছেন। এদের মধ্যে মাত্র ২৪ জন লুনার সার্ফেস বা চন্দ্রপৃষ্ঠের কাছাকাছি পৌঁছেছেন। এই ২৪ জনের মধ্যে ১২ জন চাঁদে অবতরণ করেছেন।

   

About

Popular Links

x