Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

আপনার তথ্য সুরক্ষিত রাখতে চ্যাটজিপিটিতে এলো ‘লকডাউন মোড’

এর লক্ষ্য হ্যাকারদের ব্যবহৃত প্রম্পট ইনজেকশন অ্যাটাকের মাধ্যমে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমানো 

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৪:০১ পিএম

ব্যবহারকারীর ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ‘লকডাউন মোড’ নামে একটি নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে ওপেনএআই। মূলত ‘প্রম্পট ইনজেকশন অ্যাটাক’- এর মতো সাইবার হামলা থেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখাই এই ফিচারের প্রধান লক্ষ্য।

প্রম্পট ইনজেকশন অ্যাটাক যেভাবে ঘটে

চ্যাটজিপিটির কাছ থেকে সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক উত্তর পেতে ব্যবহারকারীরা প্রায়ই অনেক ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গোপন তথ্য শেয়ার করেন। হ্যাকাররা এই সুযোগের অপেক্ষাতেই থাকে। তারা বিভিন্ন ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, রিলস বা ইউটিউব ভিডিওর ব্যাকএন্ডে কিছু ক্ষতিকর ও গোপন নির্দেশনা (ম্যালিশিয়াস কোড) লুকিয়ে রাখে।

যখন কোনো ব্যবহারকারী চ্যাটজিপিটিকে কোনো বিষয়ে সার্চ করতে বলেন এবং চ্যাটবটটি তথ্য সংগ্রহের জন্য ওইসব ওয়েবসাইটে প্রবেশ করে, তখন হ্যাকারদের পুশ করা নির্দেশনাটি সচল হয়ে যায়। এর ফলে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সঠিক উত্তর দেওয়ার বদলে তার অ্যাকাউন্টে থাকা সংবেদনশীল তথ্য হ্যাকারদের সার্ভারে চলে যেতে পারে।

লকডাউন মোড যেভাবে কাজ করে

ওপেনএআই-এর মতে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অত্যন্ত সংবেদনশীল ডেটা নিয়ে কাজ করেন, তারাই মূলত এই ধরনের টার্গেটেড সাইবার হামলার শিকার হন। এই ঝুঁকি কমাতেই লকডাউন মোড ডিজাইন করা হয়েছে।

এই মোডটি চালু করলে চ্যাটজিপিটি বাইরের কোনো নেটওয়ার্ক বা থার্ড পার্টি সোর্স থেকে আসা সন্দেহজনক নির্দেশনা ব্লক করে দেয়। তবে সুরক্ষার স্বার্থে এই মোডে চ্যাটজিপিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। যেমন - সরাসরি লাইভ ওয়েব ব্রাউজিং করা যায় না, ইন্টারনেট থেকে তাৎক্ষণিক ছবি ব্যবহারের সুবিধা বন্ধ থাকে, ‘ডিপ রিসার্চ টুল’ এবং এআই এজেন্টভিত্তিক ফিচারগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে।

এছাড়া, এই মোডে ছবি তৈরি করা সম্ভব হলেও, তা নতুন কোনো ওয়েব ডেটা না নিয়ে ক্যাশে সংরক্ষিত কনটেন্টের ওপর ভিত্তি করে তৈরি হয়।

সীমাবদ্ধতা

ওপেনএআই স্পষ্ট জানিয়েছে যে, লকডাউন মোড হ্যাকিংয়ের ঝুঁকি একবারে শূন্যে নামিয়ে আনতে পারে না। যদি ব্যবহারকারীর নিজের আপলোড করা কোনো ফাইল বা ক্যাশে থাকা কনটেন্টেই আগে থেকে প্রম্পট ইনজেকশনের কোড লুকিয়ে থাকে, তবে লকডাউন মোড থাকা সত্ত্বেও তথ্য ফাঁসের ঝুঁকি থেকে যায়। এছাড়া, লকডাউন মোড ও ডেভেলপার মোড কখনো একসঙ্গে চালানো যাবে না; একটি চালু করলে অন্যটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

কীভাবে চালু করবেন?

আপাতত এই ফিচারটি চ্যাটজিপিটির বিজনেস অ্যাকাউন্টগুলোর জন্য উন্মুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।

ফিচারটি চালু করতে ব্যবহারকারীকে ম্যানুয়ালি Settings > Advanced Security > Security অপশনে গিয়ে এটি অ্যাক্টিভেট করতে হবে। এটি কখনোই স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।

বিশ্লেষকদের মতে, লকডাউন মোড নিরাপত্তার দিক থেকে একটি ইতিবাচক পদক্ষেপ হলেও, এটি চালু করলে চ্যাটজিপিটির কাজের পরিধি ও কার্যকারিতা অনেকটাই সীমিত হয়ে পড়ে। ফলে সাধারণ ব্যবহারকারীদের কাছে এর উপযোগিতা কতটুকু থাকবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

   

About

Popular Links

x