Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার মুখের কথাতেই জিমেইল-ডকস চালাবে গুগলের এআই!

পাশাপাশি কথোপকথনের তথ্য পর্দায় বার্তা আকারে দেখা যাবে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

এখন থেকে শুধু মুখের কথায় জিমেইল ও গুগল ডকস থেকে প্রয়োজনীয় তথ্য জানা যাবে। এই সুবিধা চালুর লক্ষ্যে জিমেইলে “জিমেইল লাইভ” ও ডকসে “ডকস লাইভ” নামের দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ফিচার আনছে গুগল।

গুগলের তথ্যমতে, জিমেইল লাইভ চালুর পর ইনবক্সে থাকা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে আর সার্চ বক্সে কিছু লিখতে হবে না। শুধু মুখে নির্দেশ দিলেই জেমিনাইচালিত এআই সহকারী বিভিন্ন ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে দেবে। পাশাপাশি পুরো কথোপকথনের তথ্য পর্দায় বার্তা আকারেও দেখা যাবে।

অন্যদিকে ডকস লাইভ ব্যবহার করে নতুন কোনো লেখা তৈরির জন্য ব্যবহারকারীকে শুধু নিজের প্রয়োজনের কথা বলে জানাতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী এআই সহকারী তৈরি করে দেবে লেখার একটি প্রাথমিক খসড়া। প্রয়োজনে জিমেইল, গুগল ড্রাইভ, চ্যাট ও ওয়েব থেকে তথ্য সংগ্রহ করেও খসড়া তৈরি করে দিতে পারবে এই ফিচার।

তবে নতুন এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। জিমেইল লাইভ ব্যবহার করতে পারবেন কেবল গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা সাবস্ক্রিপশনধারীরা। আর ডকস লাইভ ব্যবহারের জন্য প্রয়োজন হবে গুগল এআই প্রো বা আলট্রা সাবস্ক্রিপশন। প্রাথমিকভাবে সুবিধাগুলো শুধু আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ফোনে ব্যবহার করা যাবে, তবে শিগগিরই ওয়ার্কপ্লেস বিজনেস গ্রাহকদের জন্যও তা চালু করা হবে।

প্রসঙ্গত, গত কয়েক মাসে নিজেদের বিভিন্ন অ্যাপে মুখের কথায় কাজ করার সুবিধা যুক্ত করছে গুগল। গত এপ্রিলে ম্যাক অ্যাপে ভয়েস কমান্ড সুবিধা চালুর পর গত মাসে পিক্সেল ১১ স্মার্টফোনে যুক্ত হয়েছে জেমিনাইচালিত “র‍্যাম্বলার” নামের ডিকটেশন সুবিধা, যা কথার মধ্যে থাকা অপ্রয়োজনীয় শব্দ শনাক্ত করে বাদ দিতে পারে। এছাড়া কথা থেকে লেখায় রূপান্তরের জন্য “জেমিনাই ৩.৫ ট্রান্সক্রাইব” মডেলও উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টেকক্র্যাঞ্চ

   

About

Popular Links

x