Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

চ্যাটজিপিটিতে প্রতিটি প্রশ্নে কি পরিমাণ পানি খরচ হয়?

এর শক্তি ব্যবহার বিটকয়েন মাইনিংয়ের মতো বিশাল খাতকেও ছাড়িয়ে যেতে পারে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এক ব্লগ পোস্টে জানিয়েছেন, চ্যাটজিপিটিকে করা প্রতিটি প্রশ্নের উত্তরে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি ব্যবহৃত হয়। সেই হিসাবে প্রতি ১৫টি প্রশ্নের উত্তরে প্রায় এক চা-চামচ পরিমাণ পানি খরচ হয়। আপাতদৃষ্টিতে এই সংখ্যা ছোট মনে হলেও বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর দৈনিক ব্যবহারের ফলে এটি বিশাল পরিমাণ শক্তিক্ষয়ে রূপ নিচ্ছে।

ডেটা সেন্টার ও এআই অবকাঠামোবিষয়ক সংবাদমাধ্যম ডেটা সেন্টার ডায়নামিকস (ডিসিডি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পানি খরচের পাশাপাশি প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য বিদ্যুৎ ব্যয় হচ্ছে প্রায় ০.৩৪ ওয়াট-আওয়ার। এটি একটি এনার্জি সেভিং বাল্ব টানা দুই মিনিট চালানো অথবা একটি সাধারণ ওভেন এক সেকেন্ড চালু রাখার সমপরিমাণ বিদ্যুৎ। অল্টম্যান আশঙ্কা প্রকাশ করে জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এভাবে বাড়তে থাকলে ভবিষ্যতে এআই পরিচালনার বিদ্যুৎ খরচ সাধারণ পরিবারের মাসিক বিদ্যুৎ বিলের সমান পৌঁছে যেতে পারে।

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার ও শক্তিশালী সার্ভার ফার্মগুলো সার্বক্ষণিক সচল রাখতে এবং অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কুলিং সিস্টেমে এই বিপুল পরিমাণ পানি ও বিদ্যুৎ প্রয়োজন হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এআই প্রযুক্তির প্রসার অব্যাহত থাকলে চলতি সময়ের মধ্যে এর শক্তি ব্যবহার বিটকয়েন মাইনিংয়ের মতো বিশাল খাতকেও ছাড়িয়ে যেতে পারে।

   

About

Popular Links

x