মার্কিন সার্চ জায়ান্ট গুগল উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের জন্য দীর্ঘ প্রতীক্ষিত অফিশিয়াল জেমিনাই অ্যাপ চালু করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রযুক্তি সংবাদের ওয়েবসাইট ‘এনগ্যাজেট’ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে এ বছরের শুরুতে ম্যাকওএস সংস্করণের জন্য সফল উন্মোচনের ধারাবাহিকতায় এবার মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্যও এআইভিত্তিক চ্যাটবটটি ব্যবহারের পথ সুগম হলো।
নতুন অ্যাপটির মাধ্যমে উইন্ডোজ ব্যবহারকারীরা পিসিতে আরও স্বাচ্ছন্দ্য ও দ্রুততার সঙ্গে গুগলের বিভিন্ন এআই সেবা ব্যবহার করতে পারবেন।
পিসিতে অ্যাপটি ইনস্টলের পর নির্ধারিত কিবোর্ড শর্টকাট ব্যবহার করে যে কোনো সময় তা চালু করা যাবে, যা ম্যাকের জেমিনাই অ্যাপের কার্যপদ্ধতির মতোই।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা যখন ‘কোনো নথিতে দ্রুত তথ্য যাচাই বা উপস্থাপনার জন্য কিছু আকর্ষণীয় শিরোনামের আইডিয়ার প্রয়োজন হয়’ তখন টুলটি কার্যকর ভূমিকা রাখবে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, জেমিনাই যেহেতু জেনারেটিভ এআই মডেল ফলে এআই প্রদত্ত তথ্যের শতভাগ নির্ভরতার বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এবং ম্যানুয়ালি তা যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ।
অ্যাপটি গুগলের অন্যান্য এআই পণ্যের সঙ্গে জড়িয়ে, যার ফলে বিভিন্ন টাস্ক বা কাজ এজেন্টিক অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনাই স্পার্ক’-এর কাছে পাঠানো সম্ভব।
এটা জিমেইল ও গুগল ড্রাইভের মতো গুগলের অন্যান্য সেবার সঙ্গেও কাজ করবে।



