হামের পর আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সোমবার (১ জুন) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো মশাবাহিত এই রোগে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
রবিবার (৩১ মে) সকাল ৮টা থেকে সোমবার (১ জুন) সকাল ৮টা পর্যন্ত হিসেবে ২৪ ঘন্টায় খুলনা বিভাগে চিকিৎসারত একজন মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ৩৫ জন বরিশাল বিভাগে। এছাড়া ঢাকায় দুই সিটি কর্পোরেশনে ১৩ জন, ঢাকা বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।



