Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

চিড়িয়াখানায় যেভাবে দিন কাটাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সাদা মহিষ এখন চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে

আপডেট : ৩০ মে ২০২৬, ০১:১৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। অ্যালবিনো জাতের এই মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষও বিশেষ যত্নে প্রাণীটির দেখভাল করছে।

জাতীয় চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস এবং ৫ কেজি ছোলা-ভুসি খায়। পাশাপাশি দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন অনুযায়ী খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী নিয়মিত খাবার দেওয়া হচ্ছে মহিষটিকে। দিনে কয়েক দফায় খাবার সরবরাহ করা হয়। সকাল ৯টার দিকে ছোলা-ভুসি, বেলা ১১টা ও দুপুর ২টার পর ঘাস এবং বিকেল ৩টার দিকে আবার ছোলা-ভুসি দেওয়া হয়। এরপর আর কোনো ভারী খাবার দেওয়া হয় না।

গত বুধবার রাতে মহিষটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে এটি ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। খাঁচার সামনে ঝুলানো পরিচিতি বোর্ডে বাংলায় ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি অবাধে চলাফেরা করতে পারে। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’কে বেঁধে রাখা হয়েছে, কারণ এটি গৃহপালিত প্রাণী হিসেবে এমন পরিবেশেই অভ্যস্ত।

সরেজমিনে দেখা গেছে, মহিষটির থাকার স্থানটি পাকা মেঝে ও টিনের ছাউনিযুক্ত। গরমের কারণে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শিগগিরই খাঁচায় একটি স্ট্যান্ডফ্যান স্থাপন করা হবে।

   

About

Popular Links

x