Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেঘলা দিনেও সানস্ক্রিন কেন জরুরি?

বিশেষজ্ঞরা বলছেন, এমন দিনে সূর্যের প্রখরতা চোখে না পড়লেও ত্বকের জন্য তা হতে পারে সমান ক্ষতিকর  

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:১০ পিএম

আকাশে ঘন মেঘ, ঝিরঝিরে বৃষ্টি - এমন দিনে ঘর থেকে বের হওয়ার সময় ছাতা নিলেও অধিকাংশ মানুষই সানস্ক্রিন দেওয়ার প্রয়োজন বোধ করেন না। সাধারণত অনেকেই মনে করেন, রোদ না থাকলে ত্বক পোড়ার ভয় নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। মেঘলা দিনে সূর্যের প্রখরতা চোখে না পড়লেও ত্বকের জন্য তা হতে পারে সমান ক্ষতিকর। 

মেঘ কি সূর্যরশ্মি আটকাতে পারে?

অনেকের ধারণা, মেঘ ঢাল হিসেবে কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মেঘলা দিনে প্রায় ৮০% ইউভি রশ্মি হালকা মেঘের আস্তরণ ভেদ করে ত্বকে পৌঁছাতে পারে। বিকেল পাঁচটার পর সানবার্ন হওয়ার ঝুঁকি কম থাকে। এ সময় ইউভি বি রশ্মি তেমন সক্রিয় থাকে না। অর্থাৎ আকাশ মেঘলা থাকা মানেই সূর্যরশ্মি থেকে সুরক্ষা নয়। বরং পাতলা মেঘের স্তরে অনেক সময় ‘এনহ্যান্সমেন্ট ইফেক্ট’  তৈরি হয়, যা অতিবেগুনি রশ্মিকে আরও বেশি ত্বকের ওপর প্রতিফলিত হয়।

ইউভিএ এবং ইউভিবি 

সূর্যের রশ্মিতে মূলত দুই ধরনের ক্ষতিকর উপাদান থাকে -

ইউভিএ (UVA): এই রশ্মি মেঘ এবং কাঁচ ভেদ করতে পারে। এটি ত্বকের গভীরে গিয়ে কোলাজেন ধ্বংস করে, যার ফলে অকালে ত্বকে বয়সের ছাপ পড়ে এবং চামড়া কুঁচকে যায়। 

ইউভিবি (UVB): এটি মূলত ত্বক পুড়ে যাওয়া বা সানবার্নের জন্য দায়ী। মেঘলা দিনে এর তীব্রতা কম মনে হলেও দীর্ঘমেয়াদে এটি ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

কেন জরুরি এই সতর্কতা?

মেঘলা দিনে রোদের তাপ অনুভূত হয় না বলে আমরা দীর্ঘক্ষণ বাইরে থাকি। সুরক্ষাকবচ বা সানস্ক্রিন না থাকায় এই দীর্ঘ সময়ে ত্বক নীরবে ক্ষতিগ্রস্ত হয়। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ঋতু যাই হোক কিংবা আবহাওয়া যেমনই থাকুক, প্রতিদিন অন্তত ৫০ এসপিএফ প্লাস (SPF) সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা উচিত। 

এমনকি জানালা বা কাচের দেয়াল ঘেরা ঘরে দীর্ঘক্ষণ থাকলে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কারণ, ইউভিএ রশ্মি কাচ ভেদ করে ত্বকে পৌঁছাতে পারে। গাড়িতে থাকার সময়ও এর প্রয়োজনীয়তা রয়েছে। যদিও গাড়ির উইন্ডশিল্ড প্রায় সব ইউভিবি রশ্মি এবং ৯৮% ইউভিএ রশ্মি আটকায়, তবু গাড়ির পাশের জানালা ও পেছনের জানালার কাচের মধ্য দিয়ে প্রায় ৭৯% ক্ষতিকর ইউভিএ রশ্মি ঢুকতে পারে।  

সানস্ক্রিন ছাড়াও সূর্যের রশ্মি থেকে নিরাপদ থাকতে আরও কিছু পদ্ধতি আছে। ইউভি প্রতিরোধক পোশাক, প্রশস্ত টুপি ও সানগ্লাস পরিধানও আপনাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে পারে।

মেঘলা দিনের স্কিনকেয়ার টিপস

ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন: যা UVA ও UVB উভয় থেকেই সুরক্ষা দেবে।

পরিমাণ: অন্তত দুই আঙুল পরিমাণ সানস্ক্রিন পুরো মুখে এবং ঘাড়ের উন্মুক্ত অংশে ব্যবহার করুন।

পুনরায় ব্যবহার: দীর্ঘ সময় বাইরে থাকলে প্রতি ৩ ঘণ্টা পরপর পুনরায় সানস্ক্রিন লাগানো জরুরি।

পরিশেষে, উজ্জ্বল ও সুস্থ ত্বকের জন্য মেঘলা দিনের অলসতাকে প্রশ্রয় না দিয়ে সানস্ক্রিনকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করাই হবে বুদ্ধিমানের কাজ। রোদ থাকুক বা না থাকুক, ত্বকের সুরক্ষা হোক আপসহীন।

   

About

Popular Links

x