রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো ৫০%। ট্রাম্পের নতুন এই সিদ্ধান্ত ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তিনি তার দেশের কৃষকদের স্বার্থের বিষয়ে কখনওই আপস করবেন না।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শুল্ক যুদ্ধ প্রসঙ্গে এমন মন্তব্য করেন মোদি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
ওই অনুষ্ঠানে মোদি জানিয়েছেন, এর জন্য তাকে “চড়া মূল্য” দিতে হলেও তিনি পিছু হটবেন না।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের জন্য, আমাদের কৃষকের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আর আমি জানি, ব্যক্তিগতভাবে এজন্য আমাকে বড় ধরনের মূল্য চোকাতে হতে পারে।”
এর আগে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে “অন্যায্য” উল্লেখ করা হয় বিবৃতিতে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। বিবৃতিতে বলা হয়, “গত কয়েকদিন ধরে ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে নিশানা করেছে যুক্তরাষ্ট্র। আমরা এ বিষয়ে আমাদের অবস্থান ইতোমধ্যেই স্পষ্ট করেছি।”
ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার তেল কেনার শাস্তিস্বরূপ ভারতের ওপর আরোপ করা নতুন শুল্ক ২৮ অগাস্ট থেকে কার্যকর হবে।



