মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা হলেন সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের খিলপাড়া এলাকার আওলাদ হোসেন (২৩), একই এলাকার হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত হয়েছেন একই গ্রামের ইমন (২০)। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন ও পরস্পরের বন্ধু।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শ্রীনগরে রাজমিস্ত্রির কাজ করতেন ওই চারজন। কাজ শেষে গতকাল রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে সিরাজদিখানে গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তাদের মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের (পাশের সড়ক) নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে আসে। তখন বিপরীত দিক থেকে আসা শ্রীনগরগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে আওলাদ, হাবিল ও কাইয়ুম মারা যান। গুরুতর আহত হন ইমন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। ইমনকে উদ্ধার করে তারা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, "দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয।”
এর আগে বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় প্রাইভেট কার উল্টে নিহত হন আরও তিনজন।



