Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম রোগের উপসর্গ নিয়ে সিলেটে প্রথম এক শিশুর মৃত্যু

সিলেট বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম

সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এটিই প্রথম মৃত্যু।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক নুরে আলম শামীম। তিনি জানান, দু্ইদিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পিআইসিউতে রাখা হয়। সোমবার দুপুর ১টায় ওসমানী হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চার মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন রোগীর ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জন রোগীর হাম শনাক্ত হয়েছে।

এছাড়া, ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিট চালু করা হয়।

   

About

Popular Links

x