দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপক কুমার শাহকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস ও গবেষণা উপদেষ্টা দীপা দাহাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, স্বাস্থ্যবীমা বোর্ডে মেয়াদ শেষ হওয়ার পরও স্ত্রীকে পুনরায় নিয়োগের ক্ষেত্রে তার পদমর্যাদার অপব্যবহার করেছেন যা দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। এজন্য আরএসপি চেয়ারম্যান রবি লামিছানে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে এই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
দলের গঠনতন্ত্রের ২৫(৪)(ক) এবং ৬৯ নম্বর ধারার অধীনে ক্ষমতা প্রয়োগ করে আরএসপি চেয়ারম্যান রবি লামিছানে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানিয়েছে, দলের সুপারিশ অনুযায়ী দীপক কুমার শাহকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ও এই গুরুত্বপূর্ণ বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখার অভিযোগে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী নিশা মেহতাকে সতর্ক করা হয়েছে।



