ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে, রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে, ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন মনিরা শারমিন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সংবাদমাধ্যমকে বলেন, “শুনানিতে মনিরা শারমিনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পায়নি ইসি।”
আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে, ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিন নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।
প্রসঙ্গত, মনিরা শারমিনের হলফনামার তথ্য অনুসারে, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ছাড়েন। সে অনুযায়ী চাকরি ছাড়ার পর এখনো তিন বছর পূর্ণ হয়নি। মাত্র সাড়ে চার মাস অতিবাহিত হয়েছে।



এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল