কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।
তার অভিযোগ, ঘটনার আগে থেকেই তাকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম।
নুসরাত তাবাসসুমের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তার পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরণ দেখে তার ধারণা, বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, ‘‘আমি মনে করি, এটা আওয়ামী লীগেরই কাজ। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের লোকজন উল্লাস করছে।’’ তবে ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য।
তার অভিযোগ, ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আলামত সংগ্রহ করেনি। দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনাটি সুপরিকল্পিত উল্লেখ করে নুসরাত তাবাসসুম বলেন, ‘‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা। এ ঘটনার সঙ্গে বিভিন্ন বিষয়ের যোগসূত্র থাকতে পারে।’’ এ বিষয়ে দৌলতপুর থানায় গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।



