Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা

অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা  

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

ন্যূনতম মাসিক মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।

মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তাদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন।

মঙ্গলবার শ্রমিক অসন্তোষের কারণে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে, সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তারা সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।

আহত সাংবাদিকের নাম মামুন। তিনি ঢাকায় কর্মরত দৈনিক কালবেলার প্রতিবেদক। গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে তিনি গুরুতর আহত হন। তার বাম পায়ের মাংসের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগর ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। সোমবার সকালে মহানগরীর কোনাবাড়ী এবং বিকেলে চান্দনা চৌরাস্তা ও ভোগরা এলাকায় তারা বিক্ষোভ করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান নেন।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, “সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্যদের পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় মঙ্গলবার আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

   

About

Popular Links

x