Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসায় নতুন নিয়ম

অভিবাসন নিয়ন্ত্রণের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

অস্ট্রেলিয়ায় ওয়ার্কিং হলিডে ভিসায় আরও বেশি বিদেশি তরুণের কাজ ও থাকার সুযোগ তৈরি হচ্ছে। তবে দ্বিতীয় বছর বা পরবর্তী মেয়াদে ভিসা পেতে আবেদনকারীদের গ্রামীণ এলাকায় আগের তুলনায় বেশি সময় কাজ করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অভিবাসন নিয়ন্ত্রণের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

খবর বার্তা সংস্থা এএফপির।

উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের জনপ্রিয়তা বৃদ্ধি এবং আবাসন সংকটের চাপের মুখে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার অভিবাসীর সংখ্যা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে কাজের ছুটিতে অস্ট্রেলিয়ায় আসা তরুণদের জন্য কয়েক হাজার ভিসা কমানোর পরিকল্পনায় দেশটির গ্রামীণ অঞ্চলের নিয়োগদাতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারণ, ফল সংগ্রহ, রেস্তোরাঁ ও পর্যটন খাতের বিভিন্ন কাজে তারা বিদেশি তরুণ কর্মীদের ওপর নির্ভরশীল।

স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, অস্ট্রেলিয়ায় তৃতীয় বছরের জন্য থাকতে আগ্রহী ওয়ার্কিং হলিডে ভিসাধারীদের ক্ষেত্রে আগামী বছর ভিসার সংখ্যা ৫,০০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ করা হবে।

এর ফলে ২০২৫ সালে দেওয়া ৩১,০০০ তৃতীয় বছরের ভিসার তুলনায় এবার ভিসার সংখ্যা কমানোর পরিমাণ অনেকটাই কমবে।

অন্যদিকে, দ্বিতীয় বছরের ভিসা পেতে গ্রামীণ এলাকায় কাজের বাধ্যতামূলক সময় তিন মাস থেকে বাড়িয়ে চার মাস করা হচ্ছে। এক্ষেত্রে ভিসার সংখ্যা সর্বোচ্চ ৪৫,০০০-এ সীমিত রাখা হবে, যা গত বছরের তুলনায় ২০% কম।

সাংবাদিকদের বার্ক বলেন, “এর ফলে গ্রামীণ এলাকাগুলোতে আরও বেশি কর্মী পাওয়া যাবে, তবে বিদেশি অভিবাসীর মোট সংখ্যা কমানোর উদ্যোগও অব্যাহত থাকবে।”

তিনি জানান, প্রথমবারের মতো ব্রিটিশ ব্যাকপ্যাকারদের জন্যও গ্রামীণ এলাকায় কাজের শর্ত চালু করার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ায় কাজের ছুটিতে আসা বিদেশি তরুণদের মধ্যে ব্রিটিশ নাগরিকের সংখ্যাই সবচেয়ে বেশি। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বর্তমানে ব্রিটিশ তরুণেরা কর্মসূচির দ্বিতীয় বছরে কাজের জন্য শহরের বাইরে যাওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পান।

বার্ক বলেন, “এই ব্যবস্থা অস্ট্রেলিয়ার জন্য ভালো ফল বয়ে আনছে না।”

তিনি আরও জানান, ব্রিটিশ নাগরিকদের ওয়ার্কিং হলিডে ভিসার আবেদনকারীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সরকার এসব ভিসার আবেদন প্রক্রিয়া ধীর করেছে।

   

About

Popular Links

x