Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধশত ককটেল ও গান পাউডার উদ্ধার

অভিযানের আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গানপাউডার ও অন্তত ৫০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনার গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, বিদ্যালয়ের ওই পরিত্যক্ত কক্ষে ককটেল তৈরি করে তা জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। তবে এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উদ্ধার করা বস্তুগুলো নিরাপত্তার স্বার্থে এসআরবি সদস্যরা ঘিরে রেখেছেন। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী (বম্ব ডিসপোজাল) দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার কথা রয়েছে।

অভিযানের আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার।

   

About

Popular Links

x