Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোটের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১২:২৩ পিএম

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে তিনি এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে (ইকে-৫৮৩) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটের দিকে জোহানেসবার্গের ও আর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনে যাবেন। দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন আগামী ২৩ আগস্ট রেডিসন ব্লু হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে সকাল ১০টায় প্রধানমন্ত্রী “বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট” শীর্ষক এক আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এর আয়োজন করছে।

একই দিন দুপুর সাড়ে ১২টায় প্যালেস অব রেসিডেন্সের রিভোনিয়া সপ্তম তলায় আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের আয়োজন “বাংলাদেশ এনভয় কনফারেন্সে” বক্তব্য রাখবেন শেখ হাসিনা। বিকেলে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সন্ধ্যায় শেখ হাসিনা জোহাসেনবার্গের গ্যালাঘের অ্যাস্টেটে ব্রিকসের বর্তমান চেয়ার ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন।

তৃতীয় দিন ২৪ আগস্ট প্রধানমন্ত্রী ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ (ব্রিকস- আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়গল)-এ “নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস”-এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তৃতা দেবেন। ওইদিন সকাল ৯টায় ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে স্যান্ডস্ট্যান্ড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান শুরু হবে।

ব্রিকস সম্মেলনের ফাঁকে শেখ হাসিনার একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে। ওইদিন তিনি কমিউনিটি নেতাদের একটি সভায়ও যোগ দেবেন।

সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ২৬ আগস্ট স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে এমিরাটস এয়ারলাইন্সের (ইকে-৭৬২) ফ্লাইটে জোহানেসবার্গের ও. আর. টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোটের সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার কথা রয়েছে। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এবারই প্রথম ব্রিকস সম্মেলন হচ্ছে।

ব্রিকস

পশ্চিমা প্রভাবের বিপরীতে মস্কো-বেইজিংয়ের শক্তিশালী উদীয়মান বাজার বিবেচনা করা হয় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এ জোটকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ২০০১ সালে গোল্ডম্যান সাকসের অর্থনীতিবিদ জিম ও’নিল প্রথম ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের চমকপ্রদ উত্থানের কথা বলতে গিয়ে দেশগুলোর নামের আদ্যক্ষর মিলিয়ে ব্রিক কথাটি প্রথম ব্যবহার করেছিলেন।

এই চার দেশ ২০০৯ সালে প্রথমবার সম্মেলন করে; পরের বছর দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর জোটের নাম হয় ব্রিকস।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী, ব্রিকস জোটের সম্মিলিত অর্থনৈতিক শক্তি ২৭ লাখ ৫০ হাজার কোটি ডলারের মতো, যার ৭০% এর বেশি কেবল চীনেরই। এরপরের অবস্থান ভারতের, ১৩% এর মতো। রাশিয়া ও ব্রাজিলের হিস্যা প্রায় ৭% করে।

বিশ্বের মোট জনসংখ্যার ৪০% এর বেশি ব্রিকসের দেশগুলোতে থাকে; বৈশ্বিক অর্থনীতির প্রায় ২৬% এই জোটের পাঁচ দেশের হাতে।

   

About

Popular Links

x