Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অবশেষে অলিম্পিকে ফিরছে ক্রিকেট

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ক্রিকেটের পাশাপাশি আরও চারটি খেলা অন্তর্ভুক্ত হয়েছে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ পিএম

ক্রীড়াজগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তর্ভুক্তির চেষ্টা চলছে অনেকদিন ধরেই। অবশেষে অলিম্পিক গেমসে ক্রিকেট খেলাটির প্রত্যাবর্তন হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হওয়া নতুন পাঁচটি খেলার মধ্যে রয়েছে ক্রিকেট। এর মধ্য দিয়ে ১২৮ বছর পর অলিম্পিক গেমসে ক্রিকেট ফিরছে।

২০২৮ অলিম্পিকে ক্রিকেট ফেরাতে গত সপ্তাহেই অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বাকি ছিল আইওসির সদস্যদের ভোটাভুটি। সোমবার (১৬ অক্টোবর) সেই আনুষ্ঠানিকতার পর ২০২৮ অলিম্পিক গেমসে বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ এবং লাকরোসের পাশাপাশি যুক্ত করা হয়েছে।

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত আইওসির ১৪১তম অধিবেশনে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ক্রিকেটসহ পাঁচটি খেলা অন্তর্ভুক্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।  নারী এবং পুরুষ দুই বিভাগেই খেলা হবে। তবে কতটি দল অংশ নেবে বা কীভাবে দলগুলো নির্ধারিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ক্রিকেটের অভিভাবক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ক্রিকেটের বিশ্বায়নে চেষ্টার কমতি রাখছে না আইসিসি। বিশ্বজুড়ে টিভিপর্দা এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় ৩০০ কোটি মানুষ অলিম্পিক গেমসের বিভিন্ন ইভেন্ট দেখেন। ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ক্রিকেট যুক্ত হওয়াকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের কাছে খেলাটি পৌঁছে যাওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, “আইওসি অধিবেশনে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ায় আমরা আনন্দিত। অলিম্পিক গেমসের মাধ্যমে আমাদের খেলাটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়ে আমরা বেশ খুশি। খেলোয়াড় ও সমর্থকদের জন্যও এটি দারুণ এক উপলক্ষ হবে।”

তিনি আরও বলেন, “অলিম্পিকের মতো মঞ্চে বিশ্বের ক্রীড়াপ্রেমীদের সামনে ক্রিকেট খেলাটিকে উপস্থাপনের জন্য আমাদের সংস্থার ওপর আস্থা রাখায় আইওসি এবং লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাছাড়া ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ চলাকালে মুম্বাইয়েই অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার সিদ্ধান্ত আসাটাও বিশেষ কিছু। ইনিংসটি মাত্র শুরু এবং এ অবিশ্বাস্য যাত্রা কোথায় যাবে, তা দেখার জন্য আমাদের তর সইছে না।”

ভারতের সাবেক অধিনায়ক এবং নারী ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক মিতালি রাজ বলেন, “প্রতিযোগিতাটিতে ক্রিকেট যুক্ত হওয়া এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে খেলাটির প্রত্যাবর্তন সত্যিই দারুণ কিছু। খেলোয়াড়রা স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে, যা বিশেষ একটি ব্যাপার। ক্রিকেট খেলা উপভোগের জন্য বিশ্বজুড়ে আরও দর্শকদের সামনে এটি দারুণ সুযোগ।”

উল্লেখ্য, এর আগে শুধুমাত্র ১৯০০ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। প্রতিযোগিতার দ্বিতীয় আসরে একমাত্র ম্যাচে ফ্রান্সকে ১৮৫ রানে হারিয়ে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল জিতেছিল যুক্তরাজ্য।

   

About

Popular Links

x